Sylhet Today 24 PRINT

কার হাতে যাচ্ছে গোল্ডেন বল?

স্পোর্টস ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

বিশ্বকাপের সেরা ফুটবলার পান গোল্ডেন বল পুরস্কার। এবারের বিশ্বকাপে এ পুরস্কার কার হাতে ওঠছে এটা এখনও নিশ্চিত না হলেও এ দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা দুই নাম ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠার নেপথ্যে অসামান্য অবদান মদ্রিচের। এখন পর্যন্ত ২ গোল করেছেন তিনি। দ্বিতীয় রাউন্ডে ডেনমার্কের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে নিশানাভেদে তা পুষিয়ে দেন। এবারের বিশ্বকাপে সবচেয়ে দৌড়ে খেলা ফুটবলার তিনিই। ৬ ম্যাচে দৌড়েছেন ৬৩ কিলোমিটার। ক্রোয়াটদের ৬ ম্যাচের ৩টিতেই ম্যাচসেরার পুরস্কার ওঠেছে তার হাতে। এবার আর কোনো খেলোয়াড় এমনভাবে পুরস্কৃত হন নি।

ক্রোয়েশিয়ার স্বপ্নযাত্রার আরেক সৈনিক ইভান রাকিটিচ। মাঝমাঠে তার সঙ্গে অসাধারণ জুটি গড়ে তুলেছেন মদ্রিচ। তবে আসল কাজটা করেন এ মিডফিল্ডারই। পুরো দলের খেলার নাটাইটা থাকে তার হাতেই। তিনি যেমন খেলেন, খেলান ও আক্রমণ প্রতিরোধ করেন। দলকে মূলত পরিচালনা করেন এ লিকলিকে ৩২ বছরের ফুটবলারই।

চলতি বিশ্বকাপে সেরা আবিষ্কার এমবাপে। তার অবিশ্বাস্য গতি আর স্কিল মুগ্ধ করেছে সবাইকে। শেষ ষোলোয় আর্জেন্টিনাকে ৪-৩ গোলে বিধ্বস্ত করে ফ্রান্স। সেই ম্যাচে তার জোড়া গোলের সঙ্গে ক্ষীপ্রগতির দৌড় অনেকদিন মনে রাখবেন ফুটবলবোদ্ধারা। ‍৩ গোল করা ১৯ বছরের বিস্ময় ফিরিয়ে এনেছেন পেলের স্মৃতি। ১৯৫৮ বিশ্বকাপে পেলের পর প্রথম ‘কিশোর’ হিসেবে এবার ন্যূনতম ৩ গোল করার কীর্তি গড়েছেন তিনি।

শুধু গোল করা না, করানোটাতেও সমান দক্ষ এমবাপে। বিশ্বকাপের ২১তম আসরে সতীর্থদের দিয়ে একাধিক গোল করিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, ফরাসিদের প্রতি গোলেই রয়েছে তার অবদান।

এ পুরস্কার জেতার দৌড়ে আরও আছেন হ্যারি কেন, কেভিন ডি ব্রুইনা ও এডেন হ্যাজার্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.