Sylhet Today 24 PRINT

নেইমারের বেতন বাড়াচ্ছে পিএসজি

স্পোর্টস ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোর পর স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি এবার হাত বাড়াচ্ছে পিএসজির নেইমারের দিকে। নেইমারের রিয়ালে যাওয়ার গুঞ্জনের সময়ে ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসজি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, পিএসজি মনে করছে, নেইমারকে ফ্রান্স ছাড়ার ব্যাপারে প্রভাবিত করতে পারে রিয়াল। সেই পথ বন্ধ করতেই বার্সেলোনায় লিওনেল মেসির কাছাকাছি পারিশ্রমিক নেইমারকে দেওয়ার কথা ভাবছে পিএসজি।

রেকর্ড ২২ কোটি ২০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালে। মৌসুমপ্রতি তার পারিশ্রমিক ৩ কোটি ৭০ লাখ ইউরো। বার্সায় মেসির পারিশ্রমিক মৌসুমপ্রতি প্রায় ৫ কোটি ইউরো।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, নেইমারকে এই অঙ্কের কাছাকাছি পারিশ্রমিক দেওয়ার কথা ভাবছে পিএসজি।

শুধু তা–ই নয়, প্যারিসে নেইমারের যেন কোনো অসুবিধা না হয়, সে জন্য ব্রাজিল জাতীয় দল ও করিন্থিয়ান্সের সাবেক ফিজিও ব্রুনো মাজিওত্তিকে দলে ভিড়িয়েছে পিএসজি। নেইমার পায়ে চোট পাওয়ার পর তার পুনর্বাসন প্রক্রিয়ার সময় সঙ্গে ছিলেন মাজিওত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্তে’ জানিয়েছে, নেইমারের বাবার কাছে প্রতিনিধি পাঠিয়েছে রিয়াল। সেটি যে নেইমারকে কেনার প্রক্রিয়া শুরুর ধাপ, তা বলাই বাহুল্য। প্রথম ধাপেই নেইমারের বাবার সঙ্গে আলোচনাটা সেরে নিতে চায় রিয়াল। সে জন্য ক্লাবের আন্তর্জাতিক ফুটবল বিভাগের প্রধান হুনি কালাফাতকে নেইমার সিনিয়রের কাছে পাঠিয়েছে স্প্যানিশ ক্লাবটি। লাতিন আমেরিকান ফুটবলারদের বাজার সম্বন্ধে রিয়ালে কালাফাতই সবচেয়ে অভিজ্ঞ। ভিনিসিয়াস ও রদ্রিগোর মতো প্রতিভাবান দুই তরুণ ব্রাজিলিয়ানকে রিয়াল পেয়েছে তারই মধ্যস্থতায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.