Sylhet Today 24 PRINT

মেসি ম্যারাডোনাকে ছাপিয়ে গেছেন

স্পোর্টস ডেস্ক |  ০২ জুলাই, ২০১৫

চলতি কোপা আমেরিকার ফাইনালের আগে পাঁচ ম্যাচ থেকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গোল মাত্র একটি। সেটিও আবার পেনাল্টি থেকে করা। সমালোচনা থেমে নেই দেশের জার্সি গায়ে খেলা মেসির। তবে, সব সমালোচনাকে উড়িয়ে দিয়ে আর্জেন্টাইন দলপতিকে সমর্থন জানিয়েছেন ইতালির সাবেক অধিনায়ক পাওলো মালদিনি।

ইতালীয় এ কিংবদন্তির মতে, সাম্প্রতিক সময়ে মেসি যা করেছে, তাতে সম্ভবত দেশটির ফুটবল ঈশ্বর দিয়েগো মারাডোনাকেও ছাপিয়ে গেছে। সামনের মৌসুমেও একইরকম দাপট দেখাবে মেসি।

মালদিনি জানান, মেসি যেভাবে পারফর্ম করে চলেছে তাতে ধীরে ধীরে সে টপকে যাচ্ছে ম্যারাডোনাকে। তাকে বিশ্বের সেরা একজন ফুটবলার হিসেবেই মনে করছি।

এখানেই থেমে থাকেন নি এসি মিলানের সাবেক তারকা। তিনি যোগ করেন, মেসি আর্জেন্টাইনদের হয়ে বিশ্বকাপ জিততে না পারলেও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জন্য ট্রেবল জিতেছে। সে ক্লাবটির হয়ে খেলে অনেক রেকর্ডকে ভেঙে নতুন করে লিখিয়েছে।

চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১০১টি ম্যাচ। গত বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন। চলতি কোপা আমেরিকার আসরে সেমিফাইনালে ৬-১ গোলে মেসির দল উড়িয়ে দিয়েছে প্যারাগুয়েকে। যেখানে নিজে গোল করতে না পারলেও সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন তিনটি। ফাইনালে চিলির মুখোমুখি হবে ২২ বছরের শিরোপা খরা কাটাতে আসা মেসি বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.