Sylhet Today 24 PRINT

তিতের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি

স্পোর্টস ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৮

রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচ তিতে দলটির দায়িত্বে থাকবেন কীনা এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বুধবার সিবিএফ ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত কোচ তিতের সঙ্গে নতুন চুক্তি করেছে।

ফেডারেশনের প্রধান নির্বাহী রোজারিও কামোক্লো বলেছেন, ‘জাতীয় দলের নেতৃত্বের জন্য সাড়ে ছয় বছরের কারিগরি কমিশনের নিশ্চয়তা প্রদান করে দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করছে সিবিএফ। আমরা বিশ্বাস করি যে, যত্নশীল পরিকল্পনা এবং বিচক্ষণ কার্যক্রম ব্রাজিলিয়ান ফুটবলের জন্য সেই ফলাফল বয়ে আনবে যেটা আমরা আশা করি।’

জাতীয় দলের কো-অর্ডিনেটর হিসেবে আরও চার বছরের জন্য চুক্তি করেছেন এডু গাস্পারও।

ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও কামোক্লো বলছেন, এই দুজনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়াটা ছিল খুবই সহজ।

২০১৬ সালে কার্লোস দুঙ্গার জায়গায় দায়িত্ব দেয়া হয় কোপা লিবারতোরেস ও ক্লাব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা সম্পন্ন তিতেকে। বিশ্বকাপ বাছাইতে অপরাজিত থেকে তার অধীনে রাশিয়া জয়ের ফেভারিট দল হয়ে উঠেছিল সেলেসাওরা।

তিতের অধীনে ২৬ ম্যাচ খেলে ২০ ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল।

এদিকে, বিশ্বকাপের পর আগামী ৭ ও ১১ সেপ্টেম্বর মাঠে নামবে সেলেসাওরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, তবে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.