Sylhet Today 24 PRINT

অবসরের ঘোষণা দিলেন ডেল স্টেইন

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৮

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। স্টেইনের বিশ্বাস তার পারফর্মেন্স ও তার অভিজ্ঞতা তাকে বিশ্বকাপ দলে জায়গা করে দেবে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

তিনি বলেন, আমি ইংল্যান্ড বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার চেষ্টা করব। কিন্তু বিশ্বকাপের পর আমি নিজেকে আর সাদা বলের ক্রিকেটে দেখছি না। এর পরের বিশ্বকাপ যখন আসবে তখন আমার বয়স ৪০ হয়ে যাবে।

এই দক্ষিণ আফ্রিকা দলের ভারসাম্য নিয়ে কথা বলতে গিয়ে স্টেইন বলেন, দক্ষিণ আফ্রিকার এই মুহূর্তে যে ব্যাটিং লাইন আপ তাতে প্রথম ছয়জন খেলে ফেলেছে হাজার ম্যাচ। আট নম্বর থেকে ১১ নম্বর পর্যন্ত যারা রয়েছে তারা ১৫০ ম্যাচও খেলেনি। বিশ্বকাপে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সেটাই আমার ট্রাম কার্ড।

ওয়ানডে থেকে অবসরের কথা জানিয়ে দিলেও তিনি টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে চান। তিনি বলেন, আমি যতদিন পারব টেস্ট ক্রিকেট চালিয়ে যাব। আমি শেষ পর্যন্ত চোট সারিয়ে ফিরেছি। ভাঙা হাত সারিয়ে ফেরাটা কঠিন। বিশেষ করে সেটা যদি বোলিং আর্ম হয়। তবে আমি খুশি আমি ১০০ শতাংশ ফিট হয়ে ফিরেছি।

২০০৪ সালে টেস্ট ক্রিকেট দিয়ে দক্ষিণ আফ্রিকা দলে অভিষেক হয় ডেল স্টেইনের। এখন পর্যন্ত ৮৮ টেস্টে নিয়েছেন ৪২১ উইকেট। ১১৬ ওয়ানডে ম্যাচে নিয়েছেন ১৮০ উইকেট ও ৪২ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫৮ উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.