নিজস্ব প্রতিবেদক | ০৪ জুলাই, ২০১৫
সাকিব আল হাসানের রেস্টুরেন্ট ‘সাকিবস ডাইন’-এ টিম বাংলাদেশের ইফতার পার্টি ছিল শুক্রবার। সেখানে অংশ নিয়েছিলেন বাংলাদেশ টিমের সব ক্রিকেটাররা। ইফতার পার্টিতে এক টেবিলে বসেছিলেন সাকিব, সৌম্য, মুশফিক, লিটন ও মুস্তাফিজ।
ইফতার পার্টি শেষে 'টিমমেটদের সাথে ইফতার' ক্যাপশন লিখে এই ছবি ফেসবুকে নিজের পেজে পোস্ট দেন মুশফিকুর রহমান। ছবিটি পোষ্ট দেওয়ার সাথে সাথেই হামলে পড়ে উগ্র সাম্প্রদায়িক কয়েকজন ফ্যান। ছবিতে তারা মন্তব্য করে- হিন্দু নিয়ে ইফতার করলে ইফতার হারাম হবে। সৌম্য ও লিটনকে ইঙ্গিত করে এমন আরো সম্প্রদায়িক মন্তব্য করে কয়েকজন।
কুৎসিত এসব কমেন্ট দেখে আঁতকে উঠেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক।
পরে আরেকটি পোষ্টে নিজের হতাশার কথা জানিয়ে মুশফিক লেখেন : রিয়েলি শকড টু সি সাম কমেন্টস।
এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রায় ৩০ জন বাজে কমেন্টদাতাদের পেজ থেকে ব্যান করেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিক। একইসঙ্গে সবাইকে পরিচ্ছন্ন মন্তব্যের জন্যে অনুরোধ জানান তিনি।
এরআগে ক্রিকেটার নাসিরের ফেসবুক পেজে তার বোনের সাথে দেওয়া একটি ছবিতে অশ্লীল মন্তব্য করে কয়েকজন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ছবিটাই ফেসবুক থেকে সরিয়ে নেন নাসির।
এ ঘটনার প্রতিবাদে টাইগার দলপতি মাশরাফি বাংলাদেশে নিজের ফেসবুক পেজের একসেস বন্ধ করে দেন। যদিও ভক্তদের ভালোবাসায় বৃহস্পতিবার আবার নিজের ফেসবুক পেজটি উন্মুক্ত করে দেন মাশরাফি। এর ঠিক এদিন পরই ফেসবুকে সাম্প্রদায়িকতার শিকার হলেন মুশফিক।