Sylhet Today 24 PRINT

দেশে থাকলে শিক্ষার্থীদের অটোগ্রাফ নিতেন সাকিব

নিজস্ব প্রতিবেদক |  ০৩ আগস্ট, ২০১৮

রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনে নিজের গর্বিত হওয়ার কথা জানিয়ে সাকিব আল হাসান বলেছেন, দেশে থাকলে তিনি শিক্ষার্থীদের অটোগ্রাফ নিতে ছুটে যেতেন।

বিশ্বসেরা এই অলরাউন্ডার ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষার্থীদের সাধুবাদ জানানোর পাশাপাশি ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষ দুই ম্যাচ খেলার জন্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আছে বাংলাদেশ দল। সেখান থেকে সাকিব ফেসবুকে এক পোস্টে লিখেন, আমি এখন ফ্লোরিডায় আছি। আজ এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার তরুণ ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চাই।

সাকিব লিখেন, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থী দিয়া ও আবদুল করিম নিহত হওয়ার ঘটনায় আমি প্রচণ্ড মর্মাহত ছিলাম। কিন্তু যখন দেখলাম তার সহপাঠী থেকে শুরু করে সারাদেশের ছাত্রছাত্রীরা দোষীদের শাস্তি দাবি ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেছে, তখন গর্ববোধ করেছি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। দেশে থাকলে আমিই তোমাদের অটোগ্রাফ নেয়ার জন্য চলে আসতাম।

সাকিব আল হাসান আরও লিখেন, তোমাদের সাধুবাদ জানিয়ে বলতে চাই, তোমাদের দাবি কার্যকর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিহত পরিবারকে আর্থিক সহায়তা ছাড়াও নিরাপদ সড়ক আইন করতে আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে অভিযুক্ত পরিবহনের রুট পারমিট বাতিল সহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি ও ওয়ানডের এ অধিনায়ক আরও লিখেন, এ অবস্থায় তোমাদের কাছে বিনীত অনুরোধ করবো, ক্লাসে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করতে। তোমরা যা করেছ তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এ অর্জন সফল হবে তোমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার মাধ্যমে।

"তোমাদের দাবি পূরণ হয়েছে এবং হচ্ছে। ব্যত্যয় ঘটলে আমাকে পাবে তোমাদের সাথে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.