Sylhet Today 24 PRINT

ওপেনিংয়ে সৌম্যকে পছন্দ তামিমের

স্পোর্টস ডেস্ক  |  ২৬ আগস্ট, ২০১৮

এক কথায় 'মিউজিক্যাল চেয়ার'-এর মতোই বাংলাদেশ ক্রিকেট দলের তামিম ইকবালের উদ্বোধনী সঙ্গী পরিবর্তন হতে থাকে। ২০০৭ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর থেকেই নির্দিষ্ট করে কোনো সঙ্গী পাননি ড্যাশিং এই ওপেনার।

২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওপেনিংয়ে এনামুল হক, ইমরুল কায়েস, সৌম্য সরকার এবং লিটন দাসকে সুযোগ দেওয়া হয়। কেউই নিজেকে স্থায়ী করতে পারেননি। মোহাম্মদ মিথুনও একবার সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেন নি।

কিন্তু এভাবে আর কতদিন? কে হবেন তামিমের যোগ্য সঙ্গী? এমন সব আলোচনাতেই যখন মুখর বাংলাদেশ ক্রিকেট পাড়া, তখনই ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের সঙ্গে নিজের সঙ্গী নিয়ে কথা বলেন তামিম।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম বলেন, ‘ওপেনিং জুটিতে আসলে যেটা হয়, একজন সামনে থেকে নেতৃত্ব দেয় অন্যজন রানের দড়ি ধরে ওপরে উঠতে থাকে। এখন দেখুন, নতুন কোনো ব্যাটসম্যান যখন আমার সাথে ব্যাট করতে নামে তাকে আমি বলতে পারি না এই বলটা তুমি মারো। কারণ সে নতুন এবং জাতীয় দলে নিজের জায়গাটা সে পোক্ত করতে চাইবে। কিন্তু আপনি যদি এমন কাউকে সুযোগ দেন যে আগে থেকেই জাতীয় দলে নিজের ভিত শক্ত করেছে, সে এই চাপগুলো বুঝতে ও নিতে পারবে। তখন আপনার কাজ হবে সেই চাপটা ভাগ করে নেওয়া।’

ওপেনিংয়ে নামা একাধিক নামের মধ্যে সৌম্যকেই বেশি পছন্দ তামিমের। তার কথাতেই স্পষ্ট। বলেন, ‘নির্দিষ্ট করে কারোর নাম আমি বলতে পারব না। কিন্তু আমি সৌম্য সরকারের সঙ্গে শেষ ২-৩ বছরে অনেকবার সীমিত ওভারের ক্রিকেটে ওপেন করেছি। সে আমার ওপর থেকে চাপটা খুব ভালোভাবে সরিয়ে নিতে পারে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.