Sylhet Today 24 PRINT

সিনেমা হলে বিশ্বকাপের খেলা দেখাবে আইসিসি

স্পোর্টস ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৮

বিশ্বজুড়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। টিভি, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপের স্বত্ব বিক্রির পর এবার বিশ্বব্যাপী সিনেমা হলে ক্রিকেট বিশ্বকাপ দেখাতে চায় তারা। এ জন্য সংস্থাটি আন্তর্জাতিক দরপত্রও (ইনভাইটেশন টু টেন্ডার-আইটিটি) আহ্বান করেছে।

আইসিসি জানিয়েছে, সিনেমা ব্যবসায়ী, ব্যক্তিগত সিনেপ্লেক্স ও থিয়েটার কোম্পানিগুলো টেন্ডার জমা দিতে পারবে। চাইলে কোন মিডিয়া এজেন্সিও এতে অংশ নিতে পারবে। আগ্রহীরা কোন নির্দিষ্ট দেশ, অঞ্চল বা সারা বিশ্বের সিনেমা হলের স্বত্ব কিনতে পারবে। আইসিসি এই উদ্যোগের নাম দিয়েছে ‘সিনেমা স্ক্রিনিং।’

আইসিসির মিডিয়া রাইটস, ব্রডকাস্ট অ্যান্ড ডিজিটালে প্রধান আরতি সিং দেবাস বলেছেন, ‘২০১৯ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর। আইসিসি ও বিশ্ব ক্রিকেটের সামনে আরো বেশি মানুষের সাথে সংযুক্ত হওয়ার বড় সুযোগ এটা। আমরা বিভিন্ন প্লাটফর্মে বিশ্বকাপের ম্যাচগুলো পৌঁছে দিতে চাই, যাতে করে ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি আরো বেশি মানুষ উপভোগ করতে পারে।’

তিনি আরো বলেছেন, ‘সিনেমা স্ক্রিনিং প্রস্তাব হচ্ছে একটি ভিন্নমাত্রার চিন্তা। যাতে ক্রিকেট বিশ্বকাপের খেলাগুলো সম্প্রচারে বৈচিত্র্য আনা যায়। এতে করে সাধারণ মানুষ পরিবারসহ একসঙ্গে বড় স্ক্রিনে বসে খেলা উপভোগ করতে পারবেন। যেখানে একটি সামাজিক পরিবেশ তৈরি হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.