Sylhet Today 24 PRINT

এশিয়া কাপের দলে আরিফুল, সাব্বির বাদ

ক্রীড়া প্রতিবেদক |  ৩০ আগস্ট, ২০১৮

এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে চূড়ান্ত এ স্কোয়াড ঘোষণা করা হয়। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক রেখেই ঘোষিত হয়েছে এই দল। তবে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন নানা ঘটনায় বিতর্কিত ব্যাটসম্যান সাব্বির রহমান।

বেশ কিছুদিন থেকে সমালোচনায় থাকা সাব্বির রহমানের জায়গা হয়নি স্কোয়াডে। তার সাথে দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার ও এনামুল হক বিজয়ের। বিচারকরা দলে রেখেছেন তিন পেসার মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু হায়দার রনিকে।

তরুণদের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন আরিফুল হক, নাজমুল হাসান শান্ত, নাজমুল ইসলাম অপু ও মেহেদি হাসান মিরাজ। এদিকে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সমালোচনায় থাকলেও দলে টিকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আগামী মাসের ১৫ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগাররা।

এশিয়া কাপে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক,  মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.