স্পোর্টস ডেস্ক | ১২ সেপ্টেম্বর, ২০১৮
ভিসা জটিলতায় এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাত যেতে পারেননি তামিম ইকবাল ও রুবেল হোসেন। তবে সোমবার ভিসা পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রুবেল হোসেনের ঢাকা ত্যাগ করেন।
অন্যদিকে দুই দিন অপেক্ষার পর অবশেষে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা পেয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ভিসা পাওয়ায় কাল বিলম্ব না করে দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে রাতেই ঢাকা ছাড়বেন বলে কথা রয়েছে লাল-সবুজের এই সর্বোচ্চ রান সংগ্রাহকের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে এশিয়া কাপে অংশ নিতে ঢাকা ছেড়ে যাবেন তামিম।
প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে অনুষ্ঠেয় এশিয়া কাপ ক্রিকেটে অংশ নিতে গেল শনিবার (৯ সেপ্টেম্বর) টিম বাংলাদেশ রওনা হলেও ভিসা জটিলতায় যেতে পারেননি দুই টাইগার সদস্য তামিম ইকবাল ও রুবেল হোসেন।
সোমবার (১০ সেপ্টেম্বর) দুজনেরই ভিসা হাতে পাওয়ার কথা থাকলেও পেয়েছেন শুধু রুবেল হোসেন। ভিসা পেয়ে তিনি দুবাইয়ের বিমান ধরেছেন মঙ্গলবার সন্ধ্যায়। একদিন পর অর্থাৎ আজ (১১ সেপ্টেম্বর) ভিসা হাতে পেলেন তামিমও। আজ রাতেই উড়াল দিচ্ছেন তিনি।
চলতি মাসের ১৫ তারিখ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপের পর্দা উঠবে। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মোকাবেলা করবে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর গ্রুপ পর্বে টাইগারদের দ্বিতীয় ও শেষ ম্যাচটিও অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।