Sylhet Today 24 PRINT

ম্যাকগ্রাকে ছাড়িয়ে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক |  ১২ সেপ্টেম্বর, ২০১৮

ইনজুরি থেকে ফিরেই অনন্য এক রেকর্ড গড়েছেন জেমস অ্যান্ডারসন। সাবেক অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে দেশের মাটিতে টেস্টে সবচেয়ে সফল ফাস্ট বোলারের আসনে বসলেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি (টেস্ট ও ওয়ানডে)।

কাঁধের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে দলের বাইরে ছিলেন অ্যান্ডারসন। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে ইংলিশদের ৩৩০ রানের সমতায় ফেরা দাপুটে জয়ে চারটি উইকেট নেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ১১৭ ম্যাচে ৪৫৮টি উইকেটের মালিক অ্যান্ডারসন এবং দেশের ‍মাটিতে ২৯১। ভেঙে দিয়েছেন ম্যাকগ্রার ২৮৯টি উইকেটের রেকর্ড। প্রায় এক দশক পর ক্রিকেট বিশ্ব দেখলো হোম কন্ডিশনের নতুন সফল পেস বোলার।

২০০৭ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ১২৪ টেস্টে ৫৬৩টি উইকেট নিয়েছিলেন ম্যাকগ্রা। দেশের মাটিতে খেলেছেন ৬৬ ম্যাচ, অ্যান্ডারসনের চেয়ে একটি কম।

তবে সব মিলিয়ে রেকর্ডের চূড়ায় উঠতে এখনো বহু দূরে ৩৩ বছর বয়সী অ্যান্ডারসন। হোম গ্রাউন্ডে সবচেয়ে বেশি ৪৯৩টি উইকেট দখল করেন শ্রীলঙ্কান স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। এর পরেই আছেন অনিল কুম্বলে (৩৫০) ও শেন ওয়ার্ন (৩১৯)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.