Sylhet Today 24 PRINT

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন মালদ্বীপ

স্পোর্টস ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ সুজুকি কাপের ট্রফি জিতেছে মালদ্বীপ। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মালদ্বীপ ২-১ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নদের।

দুই অর্ধে দুই গোল করে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমকটি দেখাল টস ভাগ্যে গ্রুপ পর্ব টপকানো দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপের দুইটি গোলের মধ্যে একটি গোল করেন ইব্রাহিম মাহুধি। অপর গোলটি করেন আলী ফাসির। আর ভারতের হয়ে দলের একমাত্র গোলটি করেন সামিত পাসি।

ম্যাচের ১৯তম মিনিটে ইব্রাহিম মাহুধির গোলে ১-০এগিয়ে যায় মালদ্বীপ। এই ব্যবধান নিয়ে বিরতিতে যায় তারা। বিরতির পর ৬৬তম মিনিটে আলী ফাসিরের গোলে ২-০ গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ম্যাচের শেষ দিকে (৯০+২) মিনিটে সামিত পাসির গোলে ব্যবধান কমায় ভারত। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় পায় মালদ্বীপ।

গ্রুপ পর্বে ভারত দুইটি ম্যাচেই জয় পেয়েছিল। তারা শ্রীলঙ্কাকে ২-০ গোলে ও মালদ্বীপকে ২-০ গোলে পরাজিত করে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা সেমিফাইনালে ওঠে। এরপর সেমিফাইনালে পাকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করে তারা।

অপরদিকে, মালদ্বীপ শ্রীলঙ্কার সাথে গোলশূন্য ড্র করে ও ভারতের বিপক্ষে ২-০ গোলে হারে। টস ভাগ্যে সেমিফাইনালে ওঠে মালদ্বীপ। কারণ গ্রুপ পর্ব শেষে মালদ্বীপ ও শ্রীলঙ্কার পয়েন্ট ও গোল ব্যবধান ছিল সমান। তাই টসের মাধ্যমেই নির্ধারণ হয় এই দুই দলের মধ্যে কারা সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারায় মালদ্বীপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.