Sylhet Today 24 PRINT

জোড়া গোলে রোনালদোর ফেরা

স্পোর্টস ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

এমনিতেই আলোচনায় ছিলেন তিনি, তার ওপর সিরি-আতে জুভেন্টাসের হয়ে প্রথম তিন ম্যাচে গোল না পাওয়ায় সে আলোচনা হচ্ছিল আরও। ক্রিশ্চিয়ানো রোনালদো কবে গোল পাচ্ছেন এনিয়ে আলোচনা যখন তুঙ্গে তখনই জোড়া গোলে নিজের জাত চিনিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে এরআগে বারবার উত্তর দিতে হচ্ছিল রোনালদোর গোল নিয়ে। তবে বরাবরের মতই তিনি ছিলেন আত্মবিশ্বাসী। বলছিলেন, সাসসুয়েলোর বিপক্ষেই গোল পাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেলেনও।

রোনালদো কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। রোনালদোর জোড়া গোলে সাসসুয়েলোকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস।

দলবদলের মৌসুমে সেরা চমক ছিল রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদোর তুরিনে আসা। প্রস্তুতি ম্যাচে গোল করে সমর্থকদের আশাও বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু লিগ শুরু হতেই আর গোলের দেখা নেই! প্রথম দুই ম্যাচে তবু ভালো খেলেছেন, তৃতীয় ম্যাচে ম্যাচের সবচেয়ে বাজে খেলোয়াড়ের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল রোনালদোর সঙ্গে। আজ প্রথমার্ধেও প্রায় নিষ্প্রভ থাকার পর অ্যালেগ্রির ভবিষ্যদ্বাণীকে বাড়াবাড়ি মনে হচ্ছিল।

কে জানে চ্যাম্পিয়নস লিগের গন্ধ পাওয়া যাচ্ছে বলেই কি না , নাকি লিগে গোলে ২৮তম শট বলেই ম্যাচের ৫০তম মিনিটে আর হতাশ হতে হয়নি রোনালদোকে। গত মৌসুমেও লিগের শুরুতে রিয়ালের হয়ে গোল পাচ্ছিলেন না কিন্তু চ্যাম্পিয়নস লিগে করছিলেন একের পর এক গোল। সেবার লিগে গোল করতে ২৮তম প্রচেষ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল পর্তুগিজ ফরোয়ার্ডকে। জুভেন্টাসের পক্ষে প্রথম গোলও রোনালদোর এল ২৮তম শটে।

গোলটা অবশ্য রোনালদোর ক্যারিয়ারের অন্যতম সহজ গোল বলে লেখা থাকবে। বোনুচ্চির শট ফেরাতে গিয়ে হেড করেন সাসসুয়েলোর ফেরারি। কিন্তু তার হেড পোস্টে লেগে চলে আসে রোনালদোর সামনে। গোলরক্ষক একদিকে ঝাঁপিয়ে পড়েছেন, আশে পাশে কেউ নেই। গোলের মাত্র এক গজ দূর থেকে রোনালদো কোনো ভুল করেননি (১-০)।

দ্বিতীয় গোলটি অবশ্য পুরোপুরি রোনালদোময়। ৬৫ মিনিটে সাসসুয়েলোর এক আক্রমণ থেকে বল কেড়ে নিয়ে ডগলাস কস্তা বল দেন খেদিরাকে। সে বল টেনে নিয়ে যান এমরি চান। বক্সের কাছে এসে রোনালদোকে পাস দেন জার্মান মিডফিল্ডার। বল নিয়ে বক্সের বাঁ প্রান্তে চলে যান রোনালদো। আগুয়ান গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়ে বাঁ পায়ের জোরালো শটে ব্যবধান বাড়িয়ে দিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.