স্পোর্টস ডেস্ক | ১০ জুলাই, ২০১৫
বৃষ্টির কারনে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত দু'দিন ধরেই ঢাকা রয়েছে মিরপুর স্টেডিয়ামের উইকেট।
নির্ধারিত সময়ে সম্ভব না হলেও ওভার কমিয়ে ম্যাচটি আয়োজনের চেষ্টা করছে সংশ্লিষ্টরা। তবে সেটিও আদৌ সম্ভব হবে কী না এ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
এরফলে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হেরে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামতে টাইগাররা প্রস্তুত থকলেও আবহাওয়া তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে স্বাগতিক বাংলাদেশকে লড়তে হচ্ছে আবহাওয়ার বিপক্ষে।
শুক্রবার বেলা ৩টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিলো। সকাল থেকে মিরপুরে ভারী বর্ষণ হয়েছে। দুপুরের দিকে মুষলধারে বৃষ্টিও হয়েছে থেমে থেমে। আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
ওয়ানডের নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারি চাইলে নির্ধারিত সময়ের বাইরে ১ ঘন্টা পরে ম্যাচ শুরু করতে পারেন। সে অনুযায়ী পৌনে ৪ টা পর্যন্ত অপেক্ষা করা যায়। এছাড়া একটি ওয়ানডে ম্যাচে ২০ ওভার করে কার্টেল ওভারে খেলার সময় থাকলে ম্যাচ শুরু হতে পারে। সে অনুযায়ী রাত ৮টা ৩৫ মিনিটের পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে মাঠ উপযোগী হলে ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। তা না হলে ম্যাচ পরিত্যক্ত হবে।
তবে মাঠের যা অবস্থা তাতে আবহওয়ার নাটকীয় কোনো পরিবর্তন না হলে প্রথম ওয়ানডে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই।
পুরো মাঠ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। দর্শকরা কেউ মাঠে এখন পর্যন্ত আসেন নি। তবে সফরকারী ও স্বাগতিক দল মাঠে উপস্থিত হয়েছে।
সিরিজে অন্তত একটি ম্যাচ জিতলেই বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হবে।
গত ভারত সিরিজের তিনটি ওয়ানডেতেই রিজার্ভ ডে ছিল। তবে, প্রোটিয়াদের বিপক্ষে কোনো ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়নি। বৃষ্টি আর বাজে আবহাওয়ার কারণে ম্যাচ মাঠে না গড়ালে পরিত্যক্ত ঘোষণা করা হবে প্রথম ওয়ানডে।