Sylhet Today 24 PRINT

তামিম বন্দনায় ক্রিকেটবিশ্ব

স্পোর্টস ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপের প্রথম ম্যাচে শেষ উইকেটে ভাঙা হাতের চোট নিয়েই মুশফিকুর রহিমের সঙ্গে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটবিশ্বে এমন ঘটনা নতুন না হলেও বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। ১৯৬৩ সালে কলিন কাউড্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমেছিলেন। ১৯৭৬-৭৭ সালে ভাঙা চোয়াল নিয়ে ব্যাট করতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার রিক ম্যাককোসকার।

 তামিমের মতোই ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমে হেডিংলিতে ১৯৮৪ সালে সবাইকে চমকে দিয়েছিলেন ম্যালকম মার্শাল। অ্যান্টিগায় ২০০২ সালে অনিল কুম্বলে বল করেছিলেন ভাঙা চোয়াল নিয়ে। শোয়েব আখতারের বাউন্সারে আহত হওয়ার পর ভাঙা নাক নিয়ে ব্যাট করতে এসেছিলেন প্রোটিয়া ওপেনার গ্যারি কারস্টেন। সিডনিতে ২০০৯ সালে ভাঙা হাত নিয়ে ব্যাট করতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

এ রকম আরো কয়েকটি উদাহরণ আছে। তবে গত শনিবার রাতে এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাঁ হাত ভাঙা নিয়ে দুঃসাহসিকভাবে তামিম ডান হাতে ব্যাট করে সেঞ্চুরি করা মুশফিকের সঙ্গে ১৬ বলে ৩২ রানের জুটি গড়ে যে ঘটনার জন্ম দিয়েছেন, তা ক্রিকেট চেতনারই দৃষ্টান্ত। তাই ম্যাচ শেষে ফেসবুক, টুইটার, সামাজিক মাধ্যমে তামিম প্রশংসায় মেতেছে ক্রিকেটবিশ্ব।

আফগান ক্রিকেটার গুলবাদিন নাইব তামিম ইকবালকে বাংলাদেশের সত্যিকারের নায়ক ঘোষণা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘শাবাশ তামিম, আপনি আপনার দেশের সত্যিকারের নায়ক।’

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর সাংবাদিক অ্যান্ড্রু ফিডেল ফার্নান্দোও শ্রীলংকার বিপক্ষে তামিমের সাহসিকতার প্রশংসা করেছেন। এক স্ট্যাটাসে লিখেছেন, ‘হাড় ভাঙা অবস্থায় ব্যাট করতে নেমেছেন, কীভাবে তাকে ভালো না বেসে থাকা যায়?’ ক্রিকেটভিত্তিক আরেক ওয়েবসাইট ক্রিকউইজের সাংবাদিক নিখিল তার টুইটারে তামিমকে সম্মান জানিয়ে লিখেছেন, ‘আপনার জন্য বিশেষ শ্রদ্ধা, ব্যাটিং করেছেন চিড় ধরা হাত নিয়েই!’

বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ম্যাচে শেষে তার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘বাঁ হাত ভেঙেছে, কিন্তু ডান হাতে ব্যাট করে তুমি জিতে নিয়েছ লাখো হৃদয়ের ভালোবাসা। ক্রিকেট শুধু একটা খেলা... কখনো কখনো তা নয় তামিম!’

লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন, ‘সে এক হাতে ব্যাট করে অসম্ভব সাহসিকতার পরিচয় দেখিয়েছে। ম্যাচের ওই পরিস্থিতিতে এক হাতে ব্যাট করা কখনই সহজ কথা নয়। এটা বিশাল কিছু।’

পিএসএল তামিমের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি তাদের টুইটারে লিখেছে, ‘তামিম ইকবাল, আমাদের দলের সদস্য দেখিয়ে দিয়েছে ক্রিকেটের চেতনা কাকে বলে। তিনি আজ ব্যাট করছেন ভাঙা হাতে, সত্যিকারের যোদ্ধার মতো।’ পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটও তামিমের প্রশংসা করেছেন। লিখেছেন, ‘যখন পথ কঠিন হয়, তখনই শক্ত মনের মানুষ পারফর্ম করে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.