Sylhet Today 24 PRINT

সাকিব-মুশফিকের রানআউটে এলোমেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৮

এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজেই করেছিলো খাদের কিনারে চলে যাওয়া বাংলাদেশ। মাঝে মুশফিক-লিটন জুটিতে আশা জেগেছিল।

তবে রশিদ খানের ওভারে লিটন দাশ ফিরে যাওয়ার পর একই ওভারে সাকিব আল হাসান রান আউট হলে বিপাকে পড়ে বাংলাদেশ। পরে বিতর্কিত এক রান আউটে ফিরে যান মুশফিকও। গুছিয়ে ওঠা বাংলাদেশ আবার এলোমেলো। এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ৫ উইকেটে ১০৮ রান।

আবারও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ের সুযোগটা একেবারেই কাজে লাগাতে পারলেন না তিনি। আগের দুই ম্যাচের মতো শুরুতেই ফিরে গেছেন এই ব্যাটসম্যান। তার আউটের পরপরই মোহাম্মদ মিঠুন প্যাভিলিয়নে ফিরলে বাংলাদেশের নেই ২ উইকেট।

তামিম ইকবালের চোটে একাদশে জায়গা পেয়ে ওপেনিংয়ে নামার সুযোগ হয় শান্তর। কিন্তু তিন ম্যাচের একটিতেও কিছু করতে পারলেন না তিনি। ওপেনিং সমস্যার পরও তার ওপর আস্থা রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট। অথচ আফতাব আহমেদের বলে বিগ শট খেলতে গিয়ে মাত্র ৬ রানে শেষ হয়ে যায় তার ইনিংস।

শুরুর ওই ধাক্কা কাটিয়ে উঠবে কী বাংলাদেশ, উল্টো চাপ আরও বেশি করে তৈরি হয় মিঠুনের বিদায়ে। মুজিব উর রহমানের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। আউট হওয়ার আগে নামের পাশে যোগ করতে পারেন মাত্র ১ রান।

এবারের এশিয়া কাপের চার ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটির সংগ্রহ যথাক্রমে ১, ১৫, ১৫ ও ১৬ রান। রোববার আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে সুপার ফোর পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আফগানদের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন।

মোসাদ্দেক হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। আর পেসার রুবেল হোসেনের বদলে সুযোগ নিয়েছেন বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.