Sylhet Today 24 PRINT

নেইমার-কাভানির গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

এদিনসন কাভানির জোড়া গোল আর দুই ম্যাচ পর লিগে পাওয়া নেইমারের গোলে স্তাদ দে রাঁসকে হারিয়ে লিগ ওয়ানে জয় পেয়েছে পিএসজি।

বুধবার রাতে ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৪-১ গোলে জেতে গতবারের চ্যাম্পিয়নরা।

গোল-পাল্টা গোলে ম্যাচের শুরুটা ছিল দারুণ। স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রাঁস। ম্যাচের প্রথম আক্রমণে বাঁ দিক থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাবলো চাভাররিয়ার পাস পেয়ে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড জাভিয়ের শাভালেরিন।

তিন মিনিট পরই সমতা ফেরায় পিএসজি। দূর থেকে উড়ে আসা বলে ঝাঁপিয়ে হাত লাগিয়েছিলেন রাঁস গোলরক্ষক; কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারেননি। আলগা বল ছোট ডি-বক্সে পেয়ে চিপ শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন কাভানি।

২৪তম মিনিটে নেইমারের সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে কাভানির ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় দলটি।

লিগে প্রথম চার ম্যাচের প্রতিটিতে একবার করে জালে বল পাঠানো নেইমার গত দুই ম্যাচে গোল পাননি। এবার তুলে নিলেন পঞ্চম গোল।

বিরতির আগে প্রায় ৩০ গজ দূর থেকে নেইমারের সোজাসুজি ফ্রি-কিক ঠেকাতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক। বল গিয়ে কাভানির পায়ে গিয়ে পড়ে। অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার।

এবারের লিগে কাভানিরও এটি পঞ্চম গোল।

আর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন তমা মুনিয়ে। প্রথমবারের মতো পিএসজির শুরুর একাদশে সুযোগ পাওয়া ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবির পাস পেয়ে বল জালে পাঠান বেলজিয়ামের ডিফেন্ডার মুনিয়ে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন রাইট-ব্যাক মুনিয়ে।

শেষ দিকে হ্যাটট্রিক করার দারুণ সুযোগ পেয়েছিলেন কাভানি। কিন্তু তার শট গোলরক্ষককে পরাস্ত করলেও বল ক্রসবারে লাগে।

সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। অলিম্পিক লিওঁ, মার্সেই ও লিলের পয়েন্ট সমান ১৩ করে। গোল ব্যবধানে এগিয়ে লিওঁ দ্বিতীয় স্থানে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.