স্পোর্টস ডেস্ক | ২৭ সেপ্টেম্বর, ২০১৮
সিরি আতে টানা ষষ্ঠ জয় পেয়েছে জুভেন্টাস।
বুধবার রাতে নিজেদের মাঠে বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে মাস্সিলিমিয়ানো আল্লেগ্রির দল। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
নিজেদের মাঠে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। ব্লেইস মাতুইদির প্রচেষ্টা গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি সুযোগ কাজে লাগান আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।
তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মাতুইদি। আগের ম্যাচে ফ্রেসিনোনের বিপক্ষে ম্যাচে গোল করা রোনালদোর বাড়ানো ক্রস থেকে পাওয়া বল ছয় গজ বক্সের ভেতর থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফ্রান্সের এই মিডফিল্ডার।
ব্যবধান আর বাড়াতে না পারলেও সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে সেরি আর টানা সাতবারের চ্যাম্পিয়নরা।
বুধবার রাতে অন্য ম্যাচে নিজেদের মাঠে পার্মাকে ৩-০ গোলে হারানো নাপোলি ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।