Sylhet Today 24 PRINT

তুরস্ককে হারিয়ে ইউরো-২৪ এর আয়োজক জার্মানি

স্পোর্টস ডেস্ক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৮

ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের (ইউরো) ২০২৪ সালের আসর হবে জার্মানিতে।

সুইজারল্যান্ডের নিওঁতে বৃহস্পতিবার উয়েফার নির্বাহী কমিটিতে ভোট হয়। তাতে তুরস্ককে পেছনে ফেলে আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি।

একীভূত জার্মানিতে প্রথমবারের মতো হতে যাচ্ছে ইউরো। এর আগে ১৯৮৮ সালে এই টুর্নামেন্ট বসেছিল পশ্চিম জার্মানিতে। অন্য দিকে, তুরস্কে এখনও ফুটবলের বড় কোনো টুর্নামেন্ট হয়নি।

২০২০ ইউরোর খেলা হবে ইউরোপ জুড়ে। ইউরো ২০২৪ দিয়ে টুর্নামেন্ট ফিরবে একক স্বাগতিক দেশের ফরম্যাটে।

জার্মানির আসরের অংশ নেবে ২৪টি দল। জুন-জুলাইয়ে হতে যাওয়া টুর্নামেন্টে ৩২ দিনে ১০টি ভেন্যুতে ম্যাচ হবে ৫১টি।

২০০৬ বিশ্বকাপ ফাইনালের ভেন্যু বার্লিনে হবে ইউরোরও ফাইনাল। অন্য নয়টি ভেন্যু হল কোলন, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, ফ্র্যাঙ্কফুর্ট, গেলজেনকিয়াশেন, হামবুর্গ, লাইপজিগ, মিউনিখ ও স্টুটগার্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.