অনলাইন ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০১৮
ভারত ‘অপ্রতিরোধ্য’ দল এবং ‘ভারতকে হারানো মোটেও সহজ কিছু নয়’ বলে মন্তব্য করে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেছেন, আজকের ম্যাচে বাংলাদেশকে লড়াইয়ের জায়গায় থাকতে হলে কমপক্ষে ২৭৫ রান করতে হবে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচ নিয়ে কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারে লেখা এক মতামতে এ মন্তব্য করেন তিনি।
সৌরভ গাঙ্গুলীর মতে, হংকংয়ের বিরুদ্ধে হোঁচট খেয়ে শুরুর পর থেকে রোহিতরা ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছেন। ফাইনালে ওদের হারানো মোটেই সোজা হবে না। রোহিত ও শিখর ধাওয়ান দুর্দান্ত ফর্মে রয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে বিশ্রাম নেওয়ার পরে শুক্রবার ওরা নিশ্চয়ই আরও তরতাজা হয়ে উঠবেন। বাংলাদেশকে লড়াইয়ে থাকতে গেলে আগে এই দু’জনকে বাগে আনতে হবে। না হলেই বিপদ। দুই ওপেনারের সেরা ফর্মে থাকা মানে মিডল অর্ডার ব্যাটসম্যানদের বেশি চাপে ভুগতে হয় না।
আজকের ম্যাচে বাংলাদেশকে জিততে হলে অনেক ভালো খেলতে হবে বলে মন্তব্য সৌরভের। তিনি লিখেছেন, বাংলাদেশকে যদি লড়াই করার জায়গায় থাকতে হয়, তা হলে তাদের আগে ব্যাট করে ২৭৫ রান তুলতেই হবে। এর চেয়ে কম রান তুললে কিন্তু ভারতকে হারানো সোজা হবে না। সাকিব আল হাসানের চোট পেয়ে ছিটকে যাওয়াটা মাশরফি মর্তুজাদের পক্ষে মোটেই ভাল খবর নয়।
সৌরভের পর্যবেক্ষণ বড় ম্যাচে বাংলাদেশ বরাবরই মুশফিকুর রহিমের ওপর অতিরিক্ত নির্ভরশীল। তিনি লিখেছেন, সব ম্যাচেই তো আর বিপদ থেকে মুশফিক একাই দলকে টেনে তুলতে পারবেন না। স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে তাকে যে পরিমাণ চাপ নিতে হয়, তার পরেও মুশফিকুরের কাছ থেকে বাড়তি কিছু আশা করাটা বোধহয় ঠিক না। দলের অন্যদেরও তার পাশে দাঁড়ানো উচিত।