স্পোর্টস ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০১৮
হাতের আঙুলে চোট নিয়ে খেলতে শুরু করেছিলেন তিনি এশিয়া কাপ, কিন্তু সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। তড়িঘড়ি করে দেশে ফিরে আসতে হয় সাকিব আল হাসানকে। এসেই ভর্তি হন হাসপাতালে।
অথচ পরিকল্পনা ছিল দেশের বাইরে গিয়ে চোট পাওয়া আঙুলে অস্ত্রোপচার করাবেন। সেটা পারেননি। আঙুলের ব্যথা সহ্যের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ছুটে যান সাকিব। সেখানে রাতেই তার আঙুলে অস্ত্রোপচার করা হয়।
শুক্রবার দুপুরে সাকিব তার ফেসবুকে পেজে লিখেছেন, হাতের ব্যথায় যখন দল ছেড়ে দেশে আসি তখনও বুঝতে পারিনি এতো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেশে আসার পর প্রচণ্ড ব্যথা অনুভব ও হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি হই। চিকিৎসকরা আঙুলের অস্ত্রোপচার করেছেন। ইনফেকশনের কারণে আঙুলের ভেতর ৬০-৭০ সে.মি পুঁজ জমে গিয়েছিল। আপনাদের দোয়ায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি।
আপাতত ব্যথা কমলেও তার বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে দ্রুত আরও একটি সার্জারি করাতে হবে বলে লিখেছেন সাকিব। দ্রুত সুস্থ হয়ে যেন শিগগিরই বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারেন এজন্য দেশবাসীর দোয়াও চেয়েছেন সাকিব।
এ বছরের শুরুতে শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করার সময় বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে সাকিব চোট পেয়েছিলেন। এরপর সুস্থ হয়ে গত মার্চে শ্রীলংকায় নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ দিয়ে মাঠেও ফিরেছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার তার চোটের জায়গাটা ফুলে যায়। প্রচণ্ড ব্যথাও শুরু হয়। এরপরও ব্যথানাশক ইনজেকশন দিয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলেছিলেন।
সেখান থেকে ফিরে অস্ত্রোপচারের কথা বললেও বিসিবির অনুরোধে এশিয়া কাপ খেলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু এশিয়া কাপে আফগানিস্তানের ম্যাচে আবার তার আঙুল ফুলে যায়। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দিন দেশে ফিরে আসেন।