Sylhet Today 24 PRINT

তিন বছর আগের ঘটনায় লিটন দাসকে নিয়ে ফেসবুকে তোলপাড়

ক্রীড়া প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৮

মাত্রই এশিয়া কাপের ফাইনালে বীরোচিত ইনিংস খেলে এসেছেন লিটন দাস। তাকে নিয়ে মাতামাতিটা স্বাভাবিকই। ফাইনালে তার আউট নিয়েও হয়েছে বিতর্ক, সেই বিতর্ক থামেনি এখনো। তবে খেলার বাইরের এক ঘটনায় সম্প্রতি বেশি আলোচিত হচ্ছেন তিনি। অথচ ঘটনাটি আসলে তিন বছর আগের।

শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিটন দাস সাম্প্রদায়িক আক্রমণের শিকার হয়েছিলেন সত্যিই। তবে সেটি ছিল ২০১৫ সালের ঘটনা।

২০১৫ সালে অক্টোবর মাসেই পূজার শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন লিটন। সেই পোস্টে হামলে পড়ে সাম্প্রদায়িক উন্মত্ততা দেখিয়েছিল কিছু মানুষ। তাৎক্ষণিকভাবে সেসব আপত্তিকর মন্তব্যের প্রতিবাদও করেছিলেন আরও কিছু মানুষ।  এই নিয়ে তখন প্রতিবেদন প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমও তখন, ‘ফেসবুকে সাম্প্রদায়িক আক্রমণের শিকার ক্রিকেটার লিটন দাস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছিল।

আরও পড়ুন: ফেসবুকে সাম্প্রদায়িক আক্রমণের শিকার ক্রিকেটার লিটন দাশ

সম্প্রতি একটি গণমাধ্যমের তিন বছর আগের ওই নিউজ আবার ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নতুন তৈরি হয় বিভ্রান্তি। অনেকে মনে করতে থাকেন ঘটনাটি ঘটেছে সম্প্রতিই। সাম্প্রদায়িক মন্তব্যকারীদের প্রতি ফের নিন্দার ঝড় উঠে। শুরু হয় লিটনের পাশে দাঁড়ানোর আহবান।

তবে এই ঘটনা পুরোনো হলেও ক্রিকেটারদের প্রতি আক্রমণাত্মক ও অশ্লিল মন্তব্য ছুঁড়ে দেওয়ার ঘটনা ঘটছে হরহামেশাই। বিভিন্ন সময় সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাসির হোসেন, সৌম্য সরকাররা ফেসবুকে উগ্র ভক্তদের আক্রমণের শিকার হয়েছেন।

নানান সময়ে ক্রিকেটাররাও এসব মন্তব্যকারীদের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছেন। ২০১৫ সালের ওই ঘটনার সময় লিটনও ক্ষুব্ধ হয়ে তার পেজ থেকে বিকৃত মন্তব্যকারীদের সরে যাওয়ার আহবান করেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.