Sylhet Today 24 PRINT

নিজেদের মাঠে বড় ব্যবধানে হারলো সিলেট

স্পোর্টস ডেস্ক |  ০৪ অক্টোবর, ২০১৮

নিজেদের মাটিতে প্রথম ইনিংসেই সিলেট বিভাগ পিছিয়ে পড়েছিল ২১১ রানের বিশাল স্কোরের। দ্বিতীয় ইনিংসে জাকির হাসান এবং রাজিন সালেহের ইনিংস জানান দিচ্ছিল, ম্যাচটা হয়তো তারা বাঁচাতে পারবে। এজন্য প্রয়োজন ছিলো পুরোদিন ব্যাটিং করা। কিন্তু হাতে ছয় উইকেট নিয়ে এত লম্বা সময় কাটানো ছিলো সিলেটের জন্য কঠিন বিষয়।

তবুও তৃতীয়দিনের অপরাজিত জুটি রাজিন সালেহ ও অলক কাপালির ব্যাটের দিকে তাকিয়ে দিকে তাকিয়ে ছিল সিলেট। কিন্তু এই দুই অভিজ্ঞও দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। অলক কাপালি ফিরে যান ১৬ রানে। রাজিন সালেহ ৫৩ রান করে তৃতীয় দিন অপরাজিত থাকলেও তার সঙ্গে আর মাত্র ৭ রান যোগ করতে পারেন শেষ দিন। মিডলঅর্ডারে জাকির হাসানের ব্যাট থেকে পায় সিলেট ইনিংসের সর্বোচ্চ ৭২ রান। কিন্তু তাতেও ম্যাচে বড় বাঁচাতে পারেনি সিলেট।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরে, প্রথম রাউন্ডের শেষ দিন সকালে ব্যাট করতে নেমে স্থানীয় দল সিলেট বিভাগ আর মাত্র ২১ রান যোগ করতে পারে দলীয় স্কোরে। শেষ পর্যন্ত ইনিংস এবং ৪১ রানের বিশাল ব্যবধানেই পরাজয় বরণ করে মাঠ ছাড়তে হয় স্বাগতিকরা। জাতীয় লিগের শুরুতেই বিশাল জয় নিয়ে ফিরতে পারলো মোহাম্মদ আশরাফুলের দল ঢাকা মেট্রো।

প্রথম ইনিংসেই জয়ের কাজটা সেরে রাখে আশরাফুলের দল ঢাকা মেট্রো। সাদমান ইসলামের ১৫৭ রানের ওপর ভর করে ৪২৬ রান করে তারা। আশরাফুল করেন ৫৩ রান। সিলেটের এনামুল জুনিয়র একাই নেন ৬ উইকেট। শাহানুর রহমান নেন ৩ উইকেট।

জবাব দিতে নেমে ঢাকা মেট্রোর বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ২১৫ রানেই অলআউট হয়ে যায় সিলেট। এনামুল হক জুনিয়র ৯১ রান করেও ফলো অন ঠেকাতে পারলেন না। আরাফাত সানি ৪টি, কাজী অনিক ৩টি এবং মোহাম্মদ আশরাফুল ২ উইকেট নিয়ে ধ্বস নামান সিলেটের ইনিংসে।

ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে আবারও বিপর্যয়ে পড়ে সিলেটের ব্যাটসম্যানরা। টপ অর্ডারের ব্যর্থতার পর জাকির হাসান আর রাজিন সালেহ মিলে ১২২ রানের জুটি গড়ে ভালোই জবাব দেন। কিন্তু তৃতীয় দিন শেষ বিকেলে জাকির হাসান ৭২ রান করে আউট হয়ে গেলে সিলেটের পরাজয় নিশ্চিত হয়ে যায়। শেষ দিন রাজিন সালেহ আউট হয়ে গেলে বাকি কাজও শেষ হয়ে যায় ঢাকা মেট্রোর।

ঢাকা মেট্রোর আসিফ হোসেন ৪৪ রান দিয়ে নেন ৫ উইকেট। আরাফাত সানি নেন ৬৩ রান দিয়ে ৩ উইকেট এবং শহিদুল ইসলাম নেন ২৪ রান দিয়ে ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর: 

ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৪২

সিলেট ১ম ইনিংস: ২১৫

সিলেট ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১৪৯/৪) ৭২.৪ ওভারে ১৭০ (ইমতিয়াজ ৮, সায়েম ২, শানাজ ৩, জাকির ৭২, রাজিন ৬০, কাপালী ১৬, শাহানুর ৪, এনামুল জুনিয়র ২, আবু জায়েদ ০, এবাদত ০, খালেদ ০*; শহিদুল ২/২২, আশরাফুল ০/২৩, সানি ৩/৬৩, আসিফ ৫/৪৪, অনিক ০/১৪)

ফল: ইনিংস ও ৪১ রানে জয়ী ঢাকা মেট্রো

ম্যান অব দা ম্যাচ: সাদমান ইসলাম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.