Sylhet Today 24 PRINT

শুভ জন্মদিন মাশরাফি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০১৮

মাশরাফি নামের পরশ পাথরের ছোঁয়ায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। ম্যাচের পর ম্যাচ, সিরিজের পর সিরিজ লাল-সবুজের দেশকে জিতিয়ে চলেছেন তিনি। আজ সেই মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা।

আজ ৩৬ বছরে পা দিলেন মাশরাফি। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলের চিত্রা নদীর পাড়ে জন্মেছিলেন এই তারকা ক্রিকেটার। কাকতালীয়ভাবে ছেলে সাহেলেরও জন্ম আজকের দিনেই। ২০১৪ সালে ঢাকায় জন্ম হয় মাশরাফি-সুমির প্রথম পুত্রের।

তবে মাশরাফি বিন মুর্তজা জন্মদিনের মতো উপলক্ষ উদযাপনে অনাগ্রহী। কারণটাও অবশ্য খোলাসা করেছেন। প্রথম জন্মদিনের সময় ছিলেন নানাবাড়িতে। ওই সময় ধুমধাম করে দিনটি উদযাপন করেছিলেন তার মা, অনুষ্ঠান শেষ হওয়ার পর নানা মাকে ডেকে বললেন, ‘ধরো তোমার ছেলে যদি ৭০ বছর বাঁচে, তাহলে ওর বয়স কমছে না বাড়ছে? মা মাথা নিচু করে বললেন 'কমছে'। নানা তখন বললেন, ‘তাহলে এভাবে উৎসব না করে গরিব-দুঃখীদের খাওয়াতে পার, নফল নামাজ পড়তে পার।’

এরপর পরিবার থেকে আর কখনও মাশরাফির জন্মদিন পালন করা হয়নি। বড় হয়ে মাশরাফিও আর মায়ের ভাবনার বিপরীতে যাননি। তবে মাশরাফি তার জন্মদিনের আনুষ্ঠানিকতা এড়িয়ে গেলেও অন্যরা তো চুপ করে থাকেন না। এই দিনে তাই জন্মদিনের রাশি রাশি শুভেচ্ছায় কেটে যায় মাশরাফির দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছায় সিক্ত করেন ভক্ত ও সতীর্থরা।

টাইগার দলপতির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সতীর্থরা।  নিজের ভেরিফাইড ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, ‘তিনি (মাশরাফি) অনুপ্রেরণার আরেক নাম, শুভ জন্মদিন ম্যাশ।’

মাশরাফির সঙ্গে ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, ‌‘শুভ জন্মদিন মিস্টার ক্যাপ্টেন, অনেক অনেক দোয়া আপনার ও আপনার পরিবারের জন্য।’

মাশরাফির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন আহমেদও। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ক্যাপ্টেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.