Sylhet Today 24 PRINT

শতভাগ ঠিক হবে না সাকিবের আঙুল

স্পোর্টস ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৮

আর কখনোই শতভাগ স্বাভাবিক অবস্থায় ফিরবে না সাকিব আল হাসানের চোটগ্রস্ত আঙুল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়া উড়াল দেয়ার আগে এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার (৫ অক্টোবর) রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া উড়াল দেন সাকিব। ঢাকা ছাড়ার আগে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ইনফেকশনটা (সংক্রমণ) আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা। কারণ, ওইটা যতক্ষণ পর্যন্ত জিরো পার্সেন্টে না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো সার্জন অপারেশনে হাত দিবে না। তবে, এখন আসল ব্যাপারটা হচ্ছে কীভাবে ইনফেকশনটা কমানো যায়।

অস্ট্রেলিয়ায় সাকিবের হাত দেখবেন ডক্টর গেগ্র। তার হাতের অবস্থা দেখার পর গ্রেগ হয় অস্ত্রোপচার নিয়ে মত দেবেন।

তবে অস্ত্রোপচার হলেও আঙুল শতভাগ ঠিক হবে না বলেই জানালেন সাকিব, এই আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। যেহেতু নরম হাড্ডি, আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নেই। পুরোপুরি ঠিক হবে না। সার্জারি করে ওরা এমন একটা অবস্থায় এনে দেবে হাতটা, আমি ব্যাট ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে পারব।

আগামী জানুয়ারির বিপিএল দিয়ে মাঠে ফেরার আশা তার, ইনফেকশনটা দূর করতে হবে। ওইটা চলে গেলে আসলে বোঝা যাবে কত সময় লাগবে। আর আসল সার্জারি করা হলে ছয় থেকে আট সপ্তাহ লেগে যাবে। সাধারণত ছয় সপ্তাহের মধ্যেই হয়ে যায়, দুই সপ্তাহ বাড়তি ধরে রাখা হয়। যদি ছয় সপ্তাহের ভেতর হয়ে যায় তাহলে বিপিএলে খেলতে পারব।

চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের কনিষ্ঠায় চোটটা পেয়েছিলেন সাকিব। চোট কাটিয়ে মার্চে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির শেষ দিকে ফেরেন মাঠে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে আবার মাথাচাড়া দেয় পুরোনো চোট। পরে স্ক্যান করানোর পর জানা যায়, আঙুলের মাঝের হাড় সরে গেছে। অস্ত্রোপচার যে লাগবে, সেটা জানা গিয়েছিল তখনই।

তবে সাকিব চেয়েছিলেন, এশিয়া কাপে না খেলে এই সময় অস্ত্রোপচার সেরে ফেলবেন। কিন্তু দলের চাহিদা মেনে শেষ পর্যন্ত এশিয়া কাপে খেলার সিদ্ধান্ত নেন। খেলেন চারটি ম্যাচও। কিন্তু চোট ভয়াবহ রূপ নেয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফিরে আসেন দেশে। আঙুলের অস্ত্রোপচার করাতে সাকিবের যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রে।

কিন্তু যাওয়ার আগে হাতে ব্যথাটা আরো বেড়ে যায়। দ্রুত চলে যান অ্যাপোলো হাসপাতালে। সেখানে গিয়ে জানতে পারেন, চোট পাওয়া আঙুল থেকে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। পুঁজ জমে ভয়াবহ অবস্থা। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করে পুঁজ বের করা হয়। পরদিন সাকিব জানান, আর কয়েক ঘণ্টা দেরি হলে তার হাতটাই অকেজো হয়ে যেতে পারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.