Sylhet Today 24 PRINT

নানা সমীকরণের নেপাল ফিলিস্তিন ম্যাচ সন্ধ্যায়

ক্রীড়া প্রতিবেদক |  ০৬ অক্টোবর, ২০১৮

‘এ’ গ্রুপের ফিলিস্তিন-নেপাল ম্যাচ দিয়ে আজ শেষ হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সিলেটপর্ব। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায়  টুর্নামেন্টের ফেবারিট দল ফিলিস্তিন মোকাবেলা করবে আসরের বর্তমান শিরোপাধারী নেপালের।

শুরুটা ভালো হয়নি বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। গত আসরের চ্যাম্পিয়ন নেপাল গ্রুপের ৩ দলের মধ্যে রয়েছে বেশি সমস্যায়। প্রতিপক্ষ দুই দল-ফিলিস্তিন ও তাজিকিস্তান ৩ পয়েন্ট করে নিয়ে কিছুটা সুবিধায়। এদিকে  তাজিকদের কাছে হারা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নেপালের জন্য সেরা চারে জায়গা করে নেয়াটা বেশ কঠিন। নেপাল প্রথম ম্যাচ হেরে শূন্য হাতে। নেপালকে সেমিফাইনালে উঠতে হলে ফিলিস্তিনকে কেবল হারালেই চলবে না, জয়টা হতে হবে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে।

এদিকে নেপাল এখানে খেলতে এসেছে তাদের সেরা ক’জন তারকাকে ছাড়াই। তাদের জন্য সেমিতে যাওয়াটা বেশ চ্যালেঞ্জের। তাদের শুধু জিতলেই হবে না, জিততে হবে কমপক্ষে তিন গোলে। ২-০ গোলে জিতলে গ্রুপের সমীকরণটা হয়ে যাবে জটিল। তখন নেপাল, তাজিকিস্তান ও ফিলিস্তিনের পয়েন্ট হেড টু হেড এবং গোল ব্যবধান সবকিছু সমান হয়ে হবে। তখন বাইলজ অনুযায়ী টসেই ঠিক করা হবে কোন্ দুটি দল সেমিতে উঠবে। আর নেপাল যদি এক গোলের ব্যবধানে জিতে কিংবা ড্র করে তাহলে সেমিতে ওঠে যাবে ফিলিস্তিন ও তাজিকিস্তান।

আর বিদায় নেবে নেপাল। হেড টু হেড লড়াইয়ে নেপাল। তিনবারের লড়াইয়ে একবারও জিততে পারেনি তারা। ফিলিস্তিন জিতেছে ১ ম্যাচে। বাকি ২ ম্যাচ ড্র হয়। র‌্যাঙ্কিংয়ে ফিলিস্তিন ৬০ ধাপ এগিয়ে। ফিলিস্তিন ১০০, নেপাল ১৬০। সর্বশেষ ২০১৩ সালের ৬ মার্চ কাঠমান্ডুতে ফিলিস্তিনের মুখোমুখি হয়ে গোলশূন্য ড্র করেছিল নেপাল।

২০১৯ সালের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এএফসি এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ফিলিস্তিন। তারা বঙ্গবন্ধু গোল্ডকাপকে এই আসরের প্রস্তুতি হিসেবে নিয়েছে। এবারের আসরের অন্যতম ফেবারিটও তারা।

নেপাল কোচ বালগোপাল মহারজনও তাই মনে করছেন, ‘আমরা পাঁচদিনের প্রস্তুতি নিয়ে এসেছি। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া এসেছি। তাজিকিস্তানের কাছে দুই গোলে হারায় আমাদের জন্য সেমিতে ওঠা কঠিন হয়ে গেল। শেষ ম্যাচে প্রতিপক্ষ ফিলিস্তিন যারা কিনা গোল্ডকাপের অন্যতম ফেবারিট। তারা এগিয়ে আছে, তবে আমরাও শেষ পর্যন্ত লড়াই করব।’ এখন দেখার বিষয় বালের দল নেপাল শক্তিশালী ফিলিস্তিনকে হারাতে পারে কি না তিন গোলের ব্যবধানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.