স্পোর্টস ডেস্ক | ০৭ অক্টোবর, ২০১৮
সিরি আ-তে জিতেই চলেছে জুভেন্টাস। রদ্রিগো বেন্তানকুর ও ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে উদিনেজেকে হারিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।
শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-০ গোলে জিতে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোল পায় জুভেন্টাস। ডান দিক থেকে জোয়াও কানসেলোর ক্রস ছোট ডি-বক্সে পেয়ে হেডে গোল করেন উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকুর।
দ্বিতীয় গোল পায় জুভেন্টাস রোনালদোর কাছ থেকে। ডি-বক্সে মানজুকিচের ছোট করে বাড়ানো বল বাঁ পায়ের কোনাকুনি শট আশ্রয় নেয় জালে। এটা সেরি আয় রোনালদোর চতুর্থ গোল।
এনিয়ে লিগের আট ম্যাচের সবকটি জিতেছে জুভেন্টাস। তাদের পয়েন্ট ২৪।
এক ম্যাচ কম খেলা নাপোলি ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।