Sylhet Today 24 PRINT

আশার কথা জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০১৮

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হাতের আঙ্গুলে। ক্রিকেট ভক্তরা শঙ্কায় দিন পার করছেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এ ইনজুরি নিয়ে। তার আঙ্গুল কী ঠিক হবে? স্বাভাবিকভাবে ব্যাট করতে পারবেন তিনি? এমন কতশত প্রশ্ন বাস করছে ভক্ত থেকে জনসাধারণের মনেও।

অস্ট্রেলিয়া থেকে সাকিব জানালেন সুখবর। শোনালেন আশার কথা। মেলবোর্নের হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়ের তত্ত্বাবধানে চলছে সাকিবের হাতের চিকিৎসা। সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পাওয়ার পর সাকিব নিজেই জানিয়েছেন রিপোর্ট ভালো আসার কথা।

সাকিব ভক্তদের মনে শঙ্কা থাকারই কথা ছিল। কারণ দেশ ত্যাগের আগে নিজেই দিয়ে গিয়েছিলেন দুঃসংবাদ। শুক্রবার রাতে আঙুলের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশত্যাগের আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ওই আঙুলটা আর কখনো শতভাগ ঠিক হবে না। কারণ,এটি হচ্ছে নরম হাড্ডি। এটা আর কখনো জোড়া লাগার সম্ভাবনা নাই। অতএব পুরোপুরি ঠিক হবে না কিন্তু সার্জারিটা হবে এমন যে, ওরা এমন একটা সিচ্যুয়েশনে এনে দেবে যেখান থেকে আমি ব্যাট-ট্যাড ভালোভাবে ধরতে পারবো, ক্রিকেট খেলাটা চালাতে পারবো।'

তবে পরীক্ষা নিরীক্ষার পর নিজেই শুনিয়েছেন আশার বাণী। বাংলাদেশের টেস্ট ও  টি টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘রিপোর্ট সব ভালো। ইনফেকশন নিয়ন্ত্রণে আছে। তবে পুরো সেরে উঠতে সময় লাগবে।’

সাকিবকে এখন থাকতে হবে পুনর্বাসনে। তিন মাসের আগে নামতে পারবেন না মাঠে। তিন মাসে ব্যথা পুরোপুরি চলে গেলে অস্ত্রোপচারের প্রয়োজন নাও হতে পারে। যদি ব্যথাটা থেকে যায়,তাহলে হয়তো অস্ত্রোপচারের বিকল্প থাকবে না।

সাকিবের এ আশার বাণীতে ক্রিকেট ভক্তরা ফেলতে পারবেন স্বস্তির নিঃশ্বাস। কারণ তিনিই যে বাংলাদেশ ক্রিকেটের একমাত্র ইন্টারন্যাশনাল ব্র্যান্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.