Sylhet Today 24 PRINT

জাতীয় লিগে একের পর এক সেঞ্চুরি মিজানুরের

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৮

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে একের পর এক সেঞ্চুরি করেই চলেছেন মিজানুর রহমান। গত দুই মৌসুম ধরে আশ্চর্য ধারাবাহিক মিজানুর রহমান জাতীয় লিগে সর্বশেষ পাঁচ ইনিংসেই সেঞ্চুরি করেছেন, যার সর্বশেষটি করেছেন মঙ্গলবার রংপুরের বিপক্ষে।

গত জাতীয় লিগে তামিম ইকবালের টানা তিন ইনিংসেই সেঞ্চুরির রেকর্ডটা ছুঁয়েছিলেন। রেকর্ডটা ভাঙতে পারেননি মাত্র ৩৬ রানের জন্য। সেই রেকর্ড গড়তে না পারার হতাশাটা এখনো যায়নি মিজানের, ‘টানা চার ইনিংসের রেকর্ডটা না করতে পেরে অনেক খারাপ লেগেছিল। এক বড় ভাই বলছিল নিজের ওপর বিশ্বাস রাখ, তুই পারবি। সেই বিশ্বাসটা রেখেছি। গত দুই বছর অনেক কষ্ট করেছি। এখন সেই পরিশ্রমের ফল পাচ্ছি।’

খুলনার বিপক্ষে ১১৫ রানের পর রাজশাহীতে রংপুরের বিপক্ষে করেছেন ১৬৫। এরআগে ঢাকার বিপক্ষে তার ব্যাট থেকে এসেছিল ১৭৫ রান। তারও আগে এ মৌসুমের অপর দুই সেঞ্চুরি করেছেন তিনি চট্টগ্রাম ও সিলেটের বিপক্ষে, রান যথাক্রমে ১০২ ও ১৪৩।

মিজানুরের এমন ধারাবাহিক পারফরম্যান্সের কারণে চোখ পড়েছে নির্বাচকদেরও। এজন্যে তাই মিজানের ব্যাটিং দেখতে রাজশাহী গেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

২৭ বছর বয়সী রাজশাহী বিভাগের এ ওপেনার প্রসঙ্গে নান্নু বলেন, ‘খুব ভালো ব্যাটিং করেছে। আমি এসেছিলাম মিজানুরকে দেখতে। গত দুই বছর সে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো খেলছে। একটু দেখতে চেয়েছিলাম, কোনো বোলিংয়ের বিপক্ষে কেমন খেলে, বিশেষ করে পেস বোলিংয়ে। ব্যাটসম্যান খারাপ নয়। তবে জাতীয় দলের সুযোগ-সুবিধা পেলে বা আরও একটু ভালো পরিচর্যা পেলে সে আরও ভালো করতে পারবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.