Sylhet Today 24 PRINT

ফাইনালের যাবার লড়াইয়ে বাংলাদেশ-ফিলিস্তিন মুখোমুখি

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলের ফাইনালে উঠার লড়াইয়ে আজ দুপুরে ফিলিস্তিনের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

ফিলিস্তিনের থেকে শক্তি, সামর্থ্য আর র‌্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকলেও লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার কণ্ঠে। এদিকে বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমী ডে সুস্থ হয়েও হাসপাতাল থেকে ফিরেছেন।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘কাল আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। ফিলিস্তিন আমাদের চেয়ে এগিয়ে থাকলেও এটা আমাদের মাঠ। আমরা নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের চেষ্টা করবো।

এছাড়াও স্টেডিয়াম সম্পর্কে তিনি বলেন, ’বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের মাঠ ঠিক ফুটবল উপযোগী না হলেও আমরা ভালো খেলতে আশাবাদী ‘আমরা এমন মাঠে খেলতে অভ্যস্ত। বৃষ্টি হলে অবশ্য মাঠের চেহারা পাল্টে যেতে পারে। রোদ থাকলেই আমাদের জন্য ভালো। মনে হয় না ফিলিস্তিন গরমের মধ্যে খেলতে অভ্যস্ত।’

ফিফা র‌্যাংকিংয়ে ফিলিস্তিনের অবস্থান ১০০, আর বাংলাদেশের ১৯৩। প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশের অন্যতম সেরা মিডফিল্ডারের বিশ্লেষণ, ‘ফিলিস্তিন যেন সেট পিসে গোল করতে না পেরে সেদিকে খেয়াল রাখতে হবে। নেপালের বিপক্ষে সেট পিসে ভালো করেছে ওরা। ওদের হেডিং ভালো, ওরা শারীরিকভাবেও এগিয়ে। ওদের আক্রমণ ঠেকাতে আমাদের সব ধরনের কৌশল ব্যবহার করতে হবে।’

সেমিফাইনালে চাপমুক্ত হয়ে খেলার কথা জানিয়ে জামাল বলেছেন, ‘সেমিফাইনালে আমরা আন্ডারডগ, আর আন্ডারডগ হিসেবে খেললে এমনিতেই চাপ কমে যায়। ফিলিস্তিন ৭০/৮০ মিনিট গোল করতে না পারলে আমরা পাল্টা আক্রমণ থেকে গোল করার চেষ্টা করবো।’

তবে বাংলাদেশের গোল স্কোরিং সমস্যা নিয়ে অবশ্য যথারীতি দুশ্চিন্তায় অধিনায়ক, ‘ফিলিপাইনের বিপক্ষে সর্বশেষ ম্যাচে আমরা তিন/চারটা ভালো সুযোগ পেলেও গোল করতে পারিনি। এটা আমাদের অনেক পুরনো সমস্যা। বাংলাদেশ ১০/১৫ বছর ধরে এই সমস্যায় ভুগছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.