স্পোর্টস ডেস্ক | ১২ অক্টোবর, ২০১৮
দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় পাওয়া হলো না আইসল্যান্ডের। এমবাপের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ গলো দলটির, আর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স মাঠ ছাড়ে স্বস্তির জয়ে।
ফ্রান্সের মাঠে বৃহস্পতিবার প্রীতি ম্যাচটি ২-২ ড্র হয়। এ ড্রয়ে আইসল্যান্ডের কাছে অজেয় থাকল ফ্রান্স। আগের ১২ দেখায় ফরাসিদের জয় নয়টি। বাকি তিন ম্যাচ ড্র।
ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় আইসল্যান্ড। আলফ্রেদ ফিনবোগাসনের বাড়ানো বল প্লেসিং শটে ঠিকানায় পৌঁছে দেন বিরকির বিয়ারনাসন।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের কোণঠাসা করে ফেলে গত বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে ড্র করা আইসল্যান্ড। ৫৮তম মিনিটে গিলফি সিগুর্দসনের কর্নারে কারি আরনাসনের হেড ক্রসবারের ভেতরের কোণায় লেগে জালে জড়ায়।
৮৫তম মিনিটে এমবাপের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে সামনে থাকা আইসল্যান্ডের ইয়োলফসনের বুকে লেগে জালে জড়ালে ম্যাচে ফেরে ফ্রান্স। পাঁচ মিনিট পর ডি-বক্সের মধ্যে সিগথোরসনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা ফেরান এমবাপে।
ওয়েলসকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে স্পেন।
আরেক প্রীতি ম্যাচে ইরাককে ৪-০ গোলে হারিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের মাঠে ৩-২ গোলে জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা পর্তুগাল।