Sylhet Today 24 PRINT

দুর্বার স্পেন এবার হারাল ওয়েলসকে

স্পোর্টস ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৮

ওয়েলসকে তাদেরই মাঠে হারিয়েছে স্পেন। কার্ডিফে জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতের ম্যাচটি ৪-১ গোলে জিতে স্পেন।

রাশিয়া বিশ্বকাপের পর দুর্বার হয়ে ওঠা স্পেন এনিয়ে টানা তিনটি ম্যাচ জিতলো। গত মাসে উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের মাঠে ২-১ গোলে জেতার পর ঘরের মাঠে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের অষ্টম মিনিটে ডি-বক্সে সাউল নিগেসের ছোট পাস ধরে ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন পাকো আলকাসের, এগিয়ে যায় স্পেন।

১৯তম মিনিটে এসি মিলান ফরোয়ার্ড সুসোর ফ্রি-কিকে বল ছোট ডি-বক্সের মুখে ফাঁকায় পেয়ে হেডে জালে জড়ান সের্হিও রামোস।

২৯তম মিনিটে আরও একবার রক্ষণের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে উঁচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বরুসিয়া ডর্টমুন্ডের ফরোয়ার্ড আলকাসের।

৭৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ান মার্ক বার্ত্রা। সুসোর কর্নারে লাফিয়ে নেওয়া হেডে লক্ষ্যভেদ করেন রিয়াল বেতিসের এই সেন্টার-ব্যাক। জাতীয় দলের হয়ে চতুর্দশ ম্যাচে এসে প্রথম গোল করলেন বার্সেলোনার সাবেক খেলোয়াড়।

শেষ দিকে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি পায় স্বাগতিকরা। ৮৯তম মিনিটে হেডে গোলটি করেন বার্নলির ফরোয়ার্ড স্যাম ভোকস।

আরেক প্রীতি ম্যাচে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের মাঠে ৩-২ গোলে জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা পর্তুগাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.