Sylhet Today 24 PRINT

উসাইন বোল্টের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক |  ১২ অক্টোবর, ২০১৮

ট্র্যাকের উসাইন বোল্টকে চেনে সবাই; এবার চিনল ফুটবলার উসাইন বোল্টকে। কারণ ফুটবল মাঠে প্রথম গোল করেছেন তিনি। ১২ অক্টোবরের রাতকে অনেকদিন মনে রাখবেন তিনি। অস্ট্রেলিয়ার এ-লিগের দল সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে দুটো গোল করেন তিনি। ফুটবল ক্যারিয়ারে এটি তার প্রথম গোল উৎসব।

অ্যাথলেটিক্সের ট্র্যাককে গুডবাই জানানোর পর উসাইন বোল্ট ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন। খেলছেন এখন অস্ট্রেলিয়ার এ-লিগের দল সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের হয়ে। তবে এখনো এ-লিগের এই দলটি তার সঙ্গে কোন চুক্তি করেনি। এখন বোল্টের এই পারফরমেন্সে যদি ক্লাবটি সন্তুষ্ট হয় তাহলে সামনের দিনে এই ক্লাবের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের একজন হবেন বিশ্বজয়ী এই দৌড়বিদ।

অলিম্পিকের আটটি স্বর্ণপদক জয়ী উসাইন বোল্ট ফুটবলের প্রতি তার আজন্ম ভালবাসার কথা সেই অনেক আগে থেকেই বলে এসেছেন। শুক্রবার রাতে সিডনির মাঠে ম্যাকার্থার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে এই দুটি গোল করেন বোল্ট। এটি যদিও এ-লিগের কোন ম্যাচ নয়। এ-লিগ শুরু হবে রোববার থেকে।

এ-লিগের প্রথম ম্যাচে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স মুখোমুখি হবে ব্রিসবেন রোরের। সেই ম্যাচে বোল্টকে দেখা যাবে কিনা-সেটা জানা যাবে আজকালের মধ্যে। কা

শুক্রবার রাতে সিডনির ক্যাম্পবেলটাউন স্টেডিয়ামে দুই গোলের পর বদলি হিসেবে তাকে ম্যাচ থেকে তুলে নেন কোচ। ডাগআউটে বসে নিজের দুই গোলের আনন্দ প্রসঙ্গে বোল্ট বলছিলেন-‘ বড় একটা কাজ পুরো হয়েছে। নিজের প্রথম গোল করার আনন্দই অন্যরকম। বেশ ভাল লাগছে। নিজের খেলার খুব দ্রুত উন্নতি করছি আমি। শিখছি অনেককিছু।’

ম্যাকার্থার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স ৪-০ গোলের বড় জয় পায়। ম্যাচের দুমিনিটের মধ্যেই নিজের প্রথম গোল পান বোল্ট। অলিম্পিকের সুপারস্টার এই ম্যাচে খেলছেন এটা শুনেই গ্যালারিতে ৬ হাজার দর্শক ভিড় জমায়। দর্শকদের নিরাশ করেননি উসাইন বোল্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.