স্পোর্টস ডেস্ক | ১৩ অক্টোবর, ২০১৮
অস্ট্রেলিয়ার হাসপাতাল ছেড়ে বন্ধুর বাসায় উঠেছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হাসপাতাল ছাড়ার পর সাকিব একদিন ছিলেন ওই বন্ধুর বাসায়। আজ দেশের উদ্দেশ্যে রওনা দেবেন সাকিব। সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল রোববার দুপুর ১২টায় ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার।
সাকিবের বাঁ-হাতের কনিষ্ঠায় ইনফেকশন অনেকটাই কমে গেছে। তার অবস্থা এখন আগের তুলনায় ভালোর দিকে। আপাতত বিশ্রামেই থাকবেন বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার। দেশে এসে ধীরে ধীরে শুরু করবেন পুনর্বাসন প্রক্রিয়া। ব্যথা কমলে শুরু করবেন ব্যাটিং। চিকিৎসকদের মতে মাঠে ফিরতে তিন মাস অপেক্ষা করতে হবে সাকিবকে।
বিষয়টি নিশ্চিত করে বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রোববার বেলা ১২টায় ঢাকায় এসে পৌঁছার কথা সাকিবের।
এ বিষয়ে সাকিবের গুরু সালাউদ্দিন বলেন, ‘হাসপাতালে অবস্থানের সময় শেষ। সাকিব আজই দেশের উদ্দেশ্যে বিমানে চেপে বসার কথা। সব কিছু ঠিক থাকলে আগামীকাল রোববারই তার দেশে ফেরার কথা রয়েছে।’
তিনি বলেন, ‘ফ্লাইট সিডিউল চূড়ান্ত। শনিবার কোন এক সময় মেলবোর্ন ত্যাগ করার কথা সাকিবের। তবে দেশে ফেরার সময়টা আমি কনফার্ম না। হয় রোববার রাতে, না হয় সোমবার সকালে সে ঢাকায় আসতে পারে।’
বাঁ হাতের কনিষ্ঠা থেকে যে পরিমাণ পুঁজ আর দূষিত রক্ত বের করা হয়েছে, তাতে শঙ্কিত ছিল সবাই। শঙ্কায় ছিল আঙুলের সংক্রমণ আবার না হাড়ে ছড়িয়ে পড়ে। তবে মেলাবোর্নের হাসপাতালের রিপোর্ট অনুযায়ী, ইনফেকশন নিয়ন্ত্রণে আছে।
সাকিবের আঙ্গুলে চামড়া উঠতে শুরু করেছে। ক্ষত স্থানটিও শুকিয়ে যাচ্ছে। দ্রুত উন্নতি হওয়ায় সাকিব নিজেও স্বস্তি ফিরে পেয়েছেন।
চিকিৎসকদের মতে, তিন মাসের মধ্যে ব্যাট তোলা যাবে না। তিন মাসের মধ্যে যদি আঙ্গুলে কোনো ব্যথা অনুভব না করেন, তাহলে হয়তো আর অস্ত্রোপচারের প্রয়োজনও হবে না। তবে যদি ব্যথা অনুভব করেন তাহলে অস্ত্রোপচার বাধ্যতামূলক। অস্ত্রোপচার করালে ছয় মাস মাঠের বাইরেও থাকতে হতে পারে সাকিবের।
বিপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবকে দ্রুত ফেরানোর পক্ষে নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পুরোপুরি ফিট হয়েই সাকিবকে মাঠে নামাবেন তিনি।
এদিকে নিজের ফেসবুকে সাকিব লিখেছেন, ‘সমগ্র বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার এত অগণিত এবং দারুণ সব ভক্তদের পেয়ে আমি সত্যিই অভিভূত, আবেগ আপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের এত এত ভালবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই মাঠে ফিরবো এবং সম্মানের সাথে প্রাণপ্রিয় দেশের প্রতিনিধিত্ব করবো। আমার পক্ষ থেকে সবার জন্য ভালবাসা রইলো।’