Sylhet Today 24 PRINT

তিনদিনেই ভারতের কাছে হেরে গেলো উইন্ডিজ

স্পোটর্স ডেস্ক |  ১৪ অক্টোবর, ২০১৮

হায়দরাবাদ টেস্টে মাত্র তিনদিনেই ভারতের কাছে পরাজয় বরণ করে নিয়েছে উইন্ডিজ। এই পরাজয়ে ২-০ ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি লজ্জার একটি রেকর্ডকে নিজেদের করে নিয়েছে।

ইতিহাসে দ্বিতীয়বারের মত এবার প্রথম ইনিংসে ৩০০-র বেশি রান করেও মাত্র তিনদিনেই পাঁচদিনের টেস্ট ম্যাচ হারল কোনো দল। এর আগে এমনটি দেখা গিয়েছিল ২০১৬ সালে, জোহানেসবার্গ টেস্টে। সেবার ঘরের মাঠে প্রথম ইনিংসে ৩১৩ রান করে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

উইন্ডিজের ৩১১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছিল ৩৬৭ রান। রিশাভ পান্টের ৯২, আজিঙ্কা রাহানের ৮০ ও পৃথ্বী শাওয়ের ৭০ রানের ইনিংসের পরও লিডটা ৫৪ রানের বেশি না হওয়ায় আক্ষেপ ছিল হয়ত। তবে সেই আক্ষেপ মিইয়ে গেছে দ্বিতীয় ইনিংসে উইন্ডিজের ব্যাটিং দৈন্যতা কিংবা উমেশ-জাদেজাদের বোলিং নৈপুণ্যে। মাত্র ৪৬.১ ওভার ব্যাট করে ১২৭ রানেই গুটিয়ে যাওয়ার ইনিংসে উমেশ যাদব শিকার করেছেন চারটি উইকেট, রবীন্দ্র জাদেজা তিনটি। যেখানে দলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর সুনীল আমব্রিসের ৩৮ ও দ্বিতীয় সর্বোচ্চ শাই হোপের ২৮; সেখানে এমন মুখ থুবড়ে পড়াটাই ছিল সফরকারীদের জন্য স্বাভাবিক।

আর সেই সুযোগ কাজে লাগিয়ে ভারত ম্যাচটি জিতে নিয়েছে তৃতীয় দিনে মাত্র ১৬.১ ওভার ব্যাট করেই। দুই ওপেনার পৃথ্বী শাও ও লোকেশ রাহুল অন্য ব্যাটসম্যানদের ব্যাট করার ‘ঝামেলায়’-ই ফেলতে চাননি। আবার নিজেরাও যেন দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন সমানভাবে। দুজনই ৩৩ রান করে অপরাজিত থেকে ৭২ রানের লক্ষ্যটাকে ছুঁয়েছেন হেসেখেলেই। তাতে ১০ উইকেটের জয়ের পাশাপাশি দুই ম্যাচের সিরিজে ভারত পেয়েছে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সম্মান।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দুই ইনিংসে ১০ উইকেট শিকার করা উমেশ যাদব। এই সিরিজে অভিষিক্ত পৃথ্বী শাও হয়েছেন সিরিজ সেরা।

সংক্ষিপ্ত স্কোর

উইন্ডিজ ৩১১ (চেজ ১০৬, উমেশ ৮৮/৬) ও ১২৭ (আমব্রিস ৩৮, উমেশ ৪৫/৪)
ভারত ৩৬৭ (পান্ট ৯২, রাহানে ৮০; হোল্ডার ৫৬/৫) ও ৭৫/০ (পৃথ্বী ৩৩, লোকেশ ৩৩)
ফল: ভারত ১০ উইকেটে জয়ী
ম্যান অব দ্যা ম্যাচ: উমেশ যাদব
সিরিজ: ভারত ২-০ ব্যবধানে জয়ী
ম্যান অব দ্যা সিরিজ: পৃথ্বী শাও

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.