Sylhet Today 24 PRINT

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তৃতীয় ম্যাচে টস ভাগ্যকে পাশে পেলেন মাশরাফি বিন মুর্তজা। আজও টসে জিতে শিশিরের প্রভাবের কথা মাথায় রেখে ফের ফিল্ডিঙের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এরই মধ্যে প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ ঘরে তুলেছে মাশরাফির দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের সামনে সুযোগ আছে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার। অপরদিকে জিম্বাবুয়ে চাইবে লজ্জার হোয়াইটওয়াশ এড়াতে।

২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সেবার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩-২ ব্যবধানে। এরপর থেকে জয়ের পাল্লাটা ভারি হয়েই চলেছে বাংলাদেশের। সব মিলিয়ে বাংলাদেশ সবচেয়ে বেশি ১০ বার সিরিজ জিতেছে তাদের বিপক্ষে। দেশের মাটিতেই ৮ বার, বাকি দুবার জিম্বাবুয়ের মাটিতে। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে মাশরাফিরা।

এর আগে ১১ বার প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করার সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ। তাতে জিম্বাবুয়েই সবচেয়ে বেশি ধবলধোলাই হয়েছে। মাশরাফি অবশ্য হোয়াইটওয়াশ নিয়ে কিছু বললেন না। তবে জয়টা যে ভাবনায় আছে সেই কথাই মনিয়ে করিয়ে দিলেন সবাইকে, ম্যাচ জিতলে এমনিতেই হোয়াইটওয়াশ হয়ে যাবে তারা। আমরা জয়ের অভ্যাসটা ধরে রাখতে চাই। নিজেদের সেরাটা দিয়ে ম্যাচটা জিততে চাই।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ একাদশে এনেছে তিনটি পরিবর্তন। অভিষেক হচ্ছে অলরাউন্ডার আরিফুল হকের। দলে ফিরেছেন বাঁহাতি পেসার আবু হায়দার ও বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।

বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজকে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ফজলে মাহমুদ রাব্বি জায়গা হারিয়েছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার।

অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ানো জিম্বাবুয়ে দলে এনেছে দুটি পরিবর্তন। দলে এসেছেন ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগাভারা। বাদ পড়েছেন পেসার টেন্ডাই চাটারা ও ব্র্যান্ডন মাভুটা।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.