স্পোর্টস ডেস্ক | ২৮ অক্টোবর, ২০১৮
লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে এল ক্লাসিকো জিতল বার্সেলোনা।
রোববার কাম্প নউয়ে স্প্যানিশ দুই জায়ান্টের লড়াইয়ে বার্সা জিতেছে ৫-১ গোলের ব্যবধানে। এ জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে এসেছে আরনেস্তো ভালভারদের দল।
প্রথমার্ধে বার্সা ২-০ গোলে এগিয়ে যায়। ম্যাচের ১১তম মিনিটে ফিলিপে কোটিনহোর গোলে এগিয়ে যায় বার্সা। বাঁ দিক দিয়ে বল নিয়ে অনেকটা দৌড়ে ডি-বক্সে ঢুকে লাইনের কাছ থেকে জর্দি আলবার কাটব্যাকে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
এরপর ৩০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে লুইস সুয়ারেস। ডি-বক্সে রাফায়েল ভারানের ট্যাকলে উরুগুয়ের এই স্ট্রাইকার পড়ে গেলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কর্তোয়া ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু পোস্ট ঘেঁষে নেওয়া নিখুঁত শট ঠেকাতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু সময়ের জন্যে বার্সাকে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। ৫০তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর গোলে ব্যবধান কমায় রিয়াল। ডান দিকের বাইলাইনের কাছ থেকে ইসকোর ক্রস বার্সেলোনার এক জনের পায়ে লেগে পেয়ে যান মার্সেলো। বুক দিয়ে নামিয়ে ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান তিনি।
এরপর ৭৫ ও ৮৩তম মিনিটে দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেস। ৭৫তম মিনিটে সুয়ারেসের দুর্দান্ত এক হেডে ফের দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। সের্হিও রবের্তোর উঁচু করে বাড়ানো বল প্রায় ১৬ গজ দূর থেকে জোরালো হেডে কোর্তায়াকে পরাস্ত করেন তিনি।
৮৩তম মিনিটে রবের্তোর পাস পেয়ে দুরূহ কোণ থেকে ডান পায়ের শটে গোলরক্ষকের উপর দিয়ে জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন সুয়ারেস।
৮৭তম মিনিটে বদলি নামা আর্তুরো ভিদাল গোল করে বড় জয় নিশ্চিত করেন বার্সেলোনার।