Sylhet Today 24 PRINT

কোপা দেল রেতে বড় জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৮

কোপা দেল রেতে তৃতীয় সারির ক্লাব মেলিয়াকে তাদের মাঠে বড় ব্যবধানে হারিয়ে শেষ ষোলোয় ওঠার পথে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতার সেরা বত্রিশের প্রথম লেগের ম্যাচটি ৪-০ গোলে জেতে রিয়াল।

গত রোববার লিগে বার্সেলোনার মাঠে ৫-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে খেলা দলের আট জনকে বসিয়ে একাদশ সাজান দুদিন আগে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সান্তিয়াগো সোলারি।

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে আগের সাত ম্যাচে মাত্র একটিতে জেতা রিয়াল ২৮তম মিনিটে এগিয়ে যায়। ডান দিক থেকে আলভারো ওদ্রিওসোলার গোলমুখে বাড়ানো বল টোকায় জালে পাঠান করিম বেনজেমা।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। প্রতিযোগিতামূলক ফুটবলে রিয়ালের হয়ে প্রথমবার শুরুর একাদশে নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের পাস ডি-বক্সে পেয়ে জোরালো শটে গোলটি করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৭৯তম মিনিটে একেবারে গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে ছোট টোকায় দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার ওদ্রিওসোলা। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান আরও বাড়ান কিছুক্ষণ আগে আসেনসিওর বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্তো গনসালেস।

আগামী শনিবার লিগে ঘরের মাঠে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.