Sylhet Today 24 PRINT

কোপা দেল রেতে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৮

কোপা দেল রেতে শেষ মুহূর্তে ক্লেমোঁ লংলের গোলে স্প্যানিশ ফুটবলের তৃতীয় সারির ক্লাব কুলতুরাল লেওনেসার মাঠে জয় পেয়েছে বার্সেলোনা।

বুধবার রাতে স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সেরা বত্রিশের প্রথম লেগে ১-০ গোলে জেতে গতবারের চ্যাম্পিয়নরা।

যোগ করা সময়ের প্রথম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। স্বদেশি ফরোয়ার্ড উসমান দেম্বেলের দারুণ ফ্রি কিকে হেডে জাল খুঁজে নেন বদলি নামা ফরাসি ডিফেন্ডার লংলে।

দুই মিনিট পর স্পেনের মিডফিল্ডার সের্হিও মার্কোস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লেওনেসা। পরের মিনিটেই দেনিস সুয়ারেস দারুণ সুযোগ নষ্ট করলে ব্যবধান আর বাড়েনি।

আগামী শনিবার লা লিগায় রায়ো ভাইয়েকানোর মাঠে খেলবে বার্সেলোনা।

প্রথম লেগে দিনের আরেক ম্যাচে তৃতীয় সারির ক্লাব মেলিয়ার মাঠে ৪-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.