Sylhet Today 24 PRINT

বার্সার জয়ে সুয়ারেসের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০১৮

রায়ো ভাইয়েকানোর বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বার্সেলোনা। ভাইয়েকানোর মাঠে শনিবার রাতে লিগ ম্যাচটি লুইস সুয়ারেসের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় এরনেস্তো ভালভেরদের দল।

একাদশ মিনিটে ম্যাচের প্রথম সুযোগেই এগিয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা জর্দি আলবার কাটব্যাক ছোট ডি-বক্সের মুখে পেয়ে সুয়ারেসের নেওয়া শট একজনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অবনমন অঞ্চলে থাকা দলটি। ৩৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা। প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার হোসে পোসো।

বদলি হিসেবে মাঠে নামার এক মিনিটের মধ্যে স্বাগতিকদের এগিয়ে নেন আলভারো গার্সিয়া। ৫৭তম মিনিটে রাউল দে তমাসের হেড পোস্টে লাগলে ফিরতি বল অনায়াসে ফাঁকা জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার।

৮৭তম মিনিটে বাঁ দিক থেকে উড়ে আসা বল জেরার্দ পিকের হেডের পর পেয়ে যান দেম্বেলে। নিচু হাফ ভলিতে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন বদলি নামা ফরাসি ফরোয়ার্ড।

আর ৯০তম মিনিটে ডান দিক থেকে সের্হিও রবের্তোর লম্বা ক্রস ছোট ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে পোস্ট ঘেঁষে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেস। উরুগুয়ের এই স্ট্রাইকারের এবারের লিগে এটি নবম গোল।

১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ২৪।

দিনের প্রথম ম্যাচে অবনমন অঞ্চলে থাকা লেগানেসের মাঠে ১-১ গোলে ড্র করা আতলেতিকো মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আরেক ম্যাচে রিয়াল ভাইয়াদলিদকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.