Sylhet Today 24 PRINT

৭ মাসে ১৫ ওয়ানডে: পরের ওয়ানডে সিরিজের জন্যে অপেক্ষার ৭ মাস!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৫

২০১৫ সালের প্রথম সাত মাসে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ১৫টি যার মধ্যে রয়েছে বিশ্বকাপ, আর পরের ওয়ানডে খেলতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আরও ৭ মাস।

দক্ষিণ আফ্রিকা সিরিজের ১৫ জুলাই অনুষ্ঠিত হওয়া শেষ ম্যাচটি ছিল এই বছর বাংলাদেশের শেষ ওয়ানডে। এখনকার সূচি অনুযায়ী মাশরাফি বিন মুর্তজার দল পরের ওয়ানডে খেলবে আগামী ফেব্রুয়ারিতে!

ওয়ানডের পারফরম্যান্সে গত ১০ মাসে বিপ্লব ঘটিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রতি সিরিজেই বলতে গেলে ছাড়িয়ে গেছে নিজেদের। বিশ্বকাপে উঠেছে কোয়ার্টার-ফাইনালে, জিতেছে টানা চারটি ওয়ানডে সিরিজ।

কিন্তু ওয়ানডের ভুবনে বাংলাদেশের এই গৌরবময় অগ্রযাত্রায় আপাতত যতি পড়ছে। শুরু হচ্ছে লম্বা বিরতি। প্রথম ৭ মাসে ১৫টি ওয়ানডে খেলা বাংলাদেশের বছরের বাকি সময়টায় আর কোনো ওয়ানডে নেই সূচিতে।

সেপ্টেম্বর-অক্টোবরে অবশ্য বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তবে ওই সিরিজে থাকছে শুধুই দুটি টেস্ট। ২০১১ সালের এপ্রিলে বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্ত পালাবদলের ধাক্কা সামলাতে ব্যস্ত অস্ট্রেলিয়া সেবার খেলেছিল স্রেফ তিনটি ওয়ানডে। পাওনা থাকা দুটি টেস্ট বুঝিয়ে দিতে এবার আসছে বিশ্ব ক্রিকেটের পরাশক্তিরা।

অস্ট্রেলিয়ার সিরিজটিই এই বছর বাংলাদেশের শেষ সিরিজ। এরপর আন্তর্জাতিক ম্যাচ আবার সেই জানুয়ারিতে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসবে নিয়মিত প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সূচি অনুযায়ী টেস্ট হবে আগে। ওয়ানডে সিরিজ হওয়ার কথা ফেব্রুয়ারিতে। ৭ মাস পর আবার ওয়ানডেতে ধারাবাহিকতা বজায় রাখার লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।

ফাঁকা সময়টা কাজে লাগাতে বেশ কিছু সিরিজ খেলার সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশের মাটিতে একটি সিরিজ নিয়ে কথা অনেক দূর এগিয়েছিলও। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ খেলতে চেয়েছিল শুধু টি-টোয়েন্টি। বিসিবি যোগ করতে চেয়েছিল ওয়ানডেও। দুই পক্ষ একমত না হওয়ায় সেই পরিকল্পনা আপাতত আলোর মুখ দেখছে না।

নতুন কিছু না হলে তাই সাম্প্রতিক সময়ের দুর্বার বাংলাদেশকে আবার ওয়ানডে খেলার জন্য অপেক্ষা করতে হবে অনেকটা সময়। কে জানে এখনকার ধারাবাহিকতা কতখানি ধরে রাখতে পারে বাংলাদেশ!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.