Sylhet Today 24 PRINT

এনামুল-সৌম্যদের পথে পিনাক

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৫

ভারত যে ভবিষ্যতে দারুণ এক অধিনায়ক পেতে যাচ্ছে, সেই বার্তা যুবদলে থাকতেই দিয়েছিলেন বিরাট কোহলি। শিখর ধাওয়ান-আম্বাতি রাইডুরাও যুবদলে খেলার সময়ই আগমনী গান শুনিয়েছিলেন। ধাওয়ান-রাইডুর মতো বর্তমান তারকা কিংবা জ্যাক রুডলফের মতো সাবেক প্রোটিয়া তারকার পাশে রেকর্ড বইয়ে নাম লেখালেন বাংলাদেশের পিনাক ঘোষ। যুব ওয়ানডের ইতিহাসে ১৫তম ব্যাটসম্যান হিসেবে খেললেন ১৫০ রানের ইনিংস।
এক দিক দিয়ে ১৬ বছর বয়সী এই বাঁ হাতি ব্যাটসম্যান তাঁর কৃতিত্ব ছাড়িয়ে গেছেন এবি ডি ভিলিয়ার্স কিংবা ক্রিস গেইলকেও। যুবদলের হয়ে খেলার সময় ১৫০-এর ইনিংস খেলার কৃতিত্ব দেখাতে পারেননি এখনকার ক্রিকেটের সবচেয়ে মারকুটে দুই ব্যাটসম্যান। ২০০৩ সালে ইংল্যান্ড যুবদলের বিপক্ষে ১৪৩ রানের ইনিংস খেলেছিলেন ডি ভিলিয়ার্স। যুবদলের হয়ে গেইলের সর্বোচ্চ ইনিংসটা ১৪১ রানের, ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে।
গতকাল পিনাকের ১৫০ রানের ইনিংসের সৌজন্যে দক্ষিণ আফ্রিকা যুবদলের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ যুবদল। প্রথমে ব্যাট করে বাংলাদেশের যুবারা ৭ উইকেটে ৩০৪ রান তোলে। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই প্রথম উইকেট হারিয়ে ফেলার পর জয়রাজ শেখকে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন পিনাক। জয়রাজ আউট হন ৬৪ রান করে। জবাবে ২৪৬ রান তুলে অলআউট হয়ে যায় স্বাগতিকেরা। এ দিন ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও নাজমুল হোসেন ৪৮ রানে নেন ৩ উইকেট। সিরিজে ৪-২-এ এগিয়ে গেল বাংলাদেশ যুবদল।
পিনাক কিন্তু যুবদলের হয়ে বেশ ধারাবাহিকভাবে খেলে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকা যুবদলের বিপক্ষে হোম সিরিজেও দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছিল তাঁর ব্যাটে। এবার তো যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটার মালিকই হয়ে গেলেন। আগের সর্বোচ্চ ইনিংসটা ছিল অমিত মজুমদারের ১২৯।
তবে যুবদলে দুর্দান্ত খেলেও অনেকেই জাতীয় দলে দোরগোড়ায় পৌঁছানোর আগেই হারিয়ে যায়। অনেকে আবার ঠিকই খুঁজে নেয় ঠিকানা। যুব ওয়ানডের রেকর্ড সর্বোচ্চ ১৭৯ রানের ইনিংসের মালিক থিও ডরোপলোস। কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে খেলা হয়নি তাঁর। প্রথম শ্রেণি কিংবা ঘরোয়া ওয়ানডের ক্যারিয়ারটাও বলার মতো নয়। আবার ডি ভিলিয়ার্স, গেইল, ধাওয়ানরা এখন বড় তারকা। যুবদলে খেলেই নজর কেড়েছেন এনামুল হক, ২০১২ যুব বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক ছিলেন এই বাংলাদেশি ওপেনার। সৌম্য সরকারও তাঁর আগমনী গান শুনিয়েছিলেন যুবদলেই। ২০১২ যুব এশিয়া কাপে কাতারের বিপক্ষে ২০৯ রানের ইনিংস খেলেছিলেন। আফসোস, সেই ম্যাচটি অফিসিয়াল স্বীকৃতি পায়নি। না হলে যুব ওয়ানডের একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক হতেন বাংলাদেশেরই সৌম্য!
পিনাকের সামনে তো অনুপ্রেরণা হিসেবে অগ্রজেরাই আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.