সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ১৯ জুলাই, ২০১৫
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে পাকিস্তানি রমিজ রাজা ও সরফরাজ নেওয়াজের প্রতি ইঙ্গিত করে ভারতের গ্রেট সুনীল গাভাস্কার ক্ষোভের সঙ্গে বললেন- বাংলাদেশকে নিয়ে অনেক হয়েছে, এবার চুপ করুন। তিনি আরও লিখেন- শুধু বাংলাদেশকেই বিদেশের মাটিতে জিততে বলার কোনো মানে নেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়কেও সহ্য করতে পারেননি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারা ভাষ্যকার রমিজ রাজা। তার মতে, 'পাকিস্তানকে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিতেই কাঁড়িকাঁড়ি টাকা ঢেলে বাংলাদেশ প্রোটিয়াদের হারিয়েছে। না হয় দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তি কিভাবে পরপর দুই ম্যাচে ১৬০ এর আশপাশে অল আউট হয়।' এটা নিয়ে তিনি আইসিসির কাছে তদন্তেরও আহ্বান জানান।
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার সরফরাজ নেওয়াজ ষড়যন্ত্র তত্ত্ব বের করেছিলেন। বলেছিলেন, 'পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ দিতেই বাংলাদেশের কাছে ইচ্ছা করে হেরেছে ভারত।' ওই সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির ক্রিকেট কূটচালের কথাও বলেছিলেন। ওই সফরের ঠিক আগে বাংলাদেশ সফর করে যান ভারতের প্রধানমন্ত্রী। নেওয়াজের ধারণা, মোদির সঙ্গে হাসিনা ক্রিকেট নিয়েও আলোচনা করেছেন। এ কারণেই ভারতের মতো দল বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে।
কলকাতার ‘আজকাল’ পত্রিকায় নিয়মিত কলাম ‘এবার নিশ্চয়ই ওঁরা চুপ করবেন’-এ গাভাস্কার লিখেন, যারা বলেছিলেন পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জয় ফ্লুক ছিল, তারা এবার নিশ্চয়ই চুপ করে যাবেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের অসাধারণ জয়ের পর। প্রোটিয়াদের কাছে প্রথম ম্যাচ হেরে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু পরের দুটি ম্যাচে বলে-ব্যাটে সুপার পারফরম্যান্স করে সহজেই জয় ছিনিয়ে নিয়েছে তারা।
তিনি বলেন, যারা বাংলাদেশকে কৃতিত্ব দিতে চাইছেন না, তারা বলার চেষ্টা করবেন এবার তাদের বিদেশে জিতে দেখানো উচিত। যেমন অন্যান্য দেশগুলো বিদেশের মাটিতে নিয়মিত জেতে। ১৯৭০ এর মাঝামাঝি থেকে ১৯৯০ এর মাঝামাঝি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯৯০ এর মাঝামাঝি সময় থেকে ২০০৫ এর মাঝামাঝি পর্যন্ত অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বিদেশের মাটিতে জয় পেয়েছে। অন্য দলগুলোও বিদেশে জিতেছে কিন্তু এই গ্রেট দুটি দলের মতো নয়। তাই শুধু বাংলাদেশকেই বিদেশের মাটিতে জিততে বলার কোনো মানে নেই।