সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ২০ জুলাই, ২০১৫
ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্ট সিরিজেও ভালো খেলার আশার বাণী শোনালেন স্বাগতিক টেস্ট দলের অধিনায়ক মুশফিক রহিম।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে একটা জায়গা করে নিলেও টেস্ট সিরিজে এখনও সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি স্বাগতিকরা। তবে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্ট এবং ভারতের বিপক্ষে ফতুল্লায় অনুষ্ঠিত একমাত্র টেস্টে বাংলাদেশ দল অনেক ভালো করেছেন মনে করছেন মুশফিক। বিশেষ করে শেষ আটটি টেস্টে টাইগাররা ভালো খেলেছে বলে হাশিম আমলার দলের বিপক্ষেও এবার দল ভালো করবে বলে আশাবাদী স্বাগতিক টেস্ট অধিনায়ক।
তার ওপর প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়লেও প্রথমে ঢাকা এবং এরপর লাকি গ্রাউন্ড চট্টগ্রামে শেষ ম্যাচ দুর্দান্তভাবে জিতে নেয় স্বাগতিকরা। সেই সঙ্গে ঘরের মাঠে পরপর চারটে ওয়ানডে সিরিজও নিশ্চিত করেছিল মাশরাফির বাংলাদেশ। ফলে বর্তমানে স্বাগতিকদের ড্রেসিং রুমের অবস্থা খুবই ভালো মনে করছেন মুশফিক।
প্রথম টেস্ট ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিক রহিম বর্তমানে ড্রেসিং রুমের অবস্থা সম্পর্কে বলেন, 'খুব ভালো একটা সিরিজ আমরা কাটিয়েছি। আপনারা যদি দেখেন কেবল শেষ সিরিজটা নয়, গত আট মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। শুধু ওয়ানডেতে নয়, টেস্টেও ভালো ক্রিকেট খেলছি। গত কয়েক মাসে আমরা কয়টা টেস্ট খেলেছি তারমধ্যে তিনটি টেস্ট জিতেছি, হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে। তাদের ২০টা উইকেটও কিন্তু আমাদের নিতে হয়েছে।'
তিনি আরও বলেন, 'তারপর পাকিস্তানের সঙ্গে ড্র করা, ভারতের সঙ্গে ড্র করা হয়ত এখানে বৃষ্টির একটা ভূমিকা ছিল। আর পাকিস্তানের বিপক্ষে আমরা যেখান থেকে কামব্যাক করেছি, এটা ভালো। আমার মনে হয় গত আট মাসে আমরা ভালো ক্রিকেট খেলেছি যেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। যা এই সিরিজে ভালো শুরুর জন্য খুব সহায়ক হবে।'
টেস্ট ম্যাচ জিততে হলে অবশ্যই প্রতিপক্ষের ২০টি উইকেট নেওয়ার মতো দলের বোলার থাকা চাই। কিন্তু বাংলাদেশ দলে এখনও সেই মানের পেস বোলারের যথেষ্ট অভাব রয়েছে বলে কেউ কেউ মনে করেন। কিন্তু বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিক সেটা মানতে নারাজ। তার দৃষ্টিতে পেসাররা প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে অবশ্যই তারা বোলিং করেছে। আমাদের ম্যাচে ফেরাতে প্রায় সাহায্য করে থাকে।
এ বিষয়ে মুশফিক বলেন, 'আমার মনে হয় দ্বিতীয় ইনিংসেও বোলাররা অনেক ভালো বোলিং করেছে।
সমালোচনা জন্য না, আমি বিশ্বাস করি এর চেয়ে অনেক ভালো করার সামর্থ্য তাদের আছে। ওরা ভালো করলে আমার ব্যক্তিগতভাবে কিছু হবে না, এটা বাংলাদেশের জন্য ভালো হবে। আমরা ওদের ম্যাসেজ দিয়েছি, ব্যাটিংয়ে একটা ভুল করলে আর কিছু করার থাকে না।'
ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছেন বাংলাদেশের বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমান। এ পর্যন্ত ৬ ওয়ানডেতে ১৮ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে বাংলাদেশের সেরা বোলার ছিলেন পাঁচ উইকেট নেওয়া মুস্তাফিজ। এখনও টেস্ট না খেলা এ তরুণ সম্পর্কে বেশ আশাবাদী টাইগার দলপতি।
মুস্তাফিজুর রহমানের বিষয়ে মুশফিক বলেন, ‘গত তিন সিরিজে মুস্তাফিজ খুব ভাল বোলিং করেছে। তার টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলে সে অনেক ঘরোয়া ম্যাচ খেলেছে। যা তার অভিজ্ঞতাকে বৃদ্ধি করেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার ৪-৫ জন খেলোয়াড় ছাড়া বাকিরা মুস্তাফিজের বোলিং অ্যাকশন সম্পর্কে জানে না। ওয়ানডের মতো টেস্টেও অবাক করার মতো কিছু তার কাছ থেকে আশা করা যায়।’ এ পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২১.১৭ গড়ে ২৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
টাইগার টেস্ট অধিনায়ক বলেন, বাংলাদেশের বোলাররা অনেক ভাল খেলে। টেস্ট ম্যাচে তাদের ভূমিকা অনেক বেশি। কারণ একজন ব্যাটসম্যান একবার ভুল খেললে কামব্যাক করার সম্ভাবনা কম থাকে। কিন্তু বোলাররা প্রথম স্পেলে ভালো না করলেও দ্বিতীয় স্পেলে ফিরে আসার সুযোগ রয়েছে। বোলাররা যদি তাদের রোল প্লে করতে পারে তবে আশাকরি ভাল একটা ফলাফল আমরা টেস্টে পাবো।
আগামী ২১ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।