সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ২১ জুলাই, ২০১৫
টেস্ট ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর বোলার ডেল স্টেইন বল হাতে ছুটে আসছেন আর ওদিকে বাংলাদেশের ব্যাটসম্যান। বছর খানেক আগের চিত্র হলে বলা যেত দুরুদুরু বুকে বাংলাদেশের ব্যাটসম্যান কিন্তু সে কথা আর বলা যাচ্ছেনা, কারণ গত কয়েক মাসে বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের শরীরিভাষা বদলে গেছে। এখনকার চিত্র বল অনুযায়ি তার প্রাপ্যটা ফেরত দিল ব্যাটসম্যান!
ওয়ানডে ম্যাচের মতো হয়ত এখনও টেস্টে সমীহ জাগানিয়া দল হয়ে ওঠতে পারেনি বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার সাক্ষর তারা রেখেছে ইতোমধ্যেই। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ে যেভাবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ- সেটা অগ্রগতির এক সাইনবোর্ড।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্টের কেউ সাহস করে বলতে পারেনি প্রতিপক্ষের ২০উইকেট নেওয়ার কথা, কিন্তু ওয়ানডে সিরিজের পর এখন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বলে গেলেন- দলে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার মতো বোলার আছে। আর অধিনায়ক মুশফিক বলছেন- ওয়ানডের আত্মবিশ্বাসকে পুঁজি করে টেস্টেও ভাল করতে চান।
প্রথম টেস্টে ওয়ানডে আর টি-টোয়েন্টির দুর্দান্ত পারফরমার মুস্তাফিজের অভিষেকের সম্ভাবনা প্রবল। মুস্তাফিজে ভরসা রাখছেন অধিনায়ক, এটা ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে আভাষ দিয়েছেন। এবং সে মুস্তাফিজ এখনও বিশ্বক্রিকেটের এক রহস্য বোলারের নাম। এ রহস্য দিয়ে প্রতিপক্ষকে ভড়কে দিতে সব কৌশল অবলম্বন করছে বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ে এক পেসার নিয়ে টেস্ট খেলতে নামা বাংলাদেশ দলে এবার হয়ত দুই পেসার দেখা যেতে পারে, মুস্তাফিজের টেস্ট ক্রিকেটের অভিজ্ঞতা না থাকার কারণে, আর টিম ম্যানেজমেন্টও চাইবে না মুস্তাফিজের ওপর অতিরিক্ত চাপ করতে। এদিকে, লেগ স্পিনার জুবায়েরের খেলার সম্ভাবনাও অনেক প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনে দূর্বলতার কথা চিন্তা করেই।
ব্যাট হাতে থাকবেন তামিম, ইমরুল, মমিনুল, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব আর হাতে চোট পাওয়া মুশফিকের জায়গায় কিপিং করবেন লিটন দাশ। বলা যায়, দক্ষিণ আফ্রিকাকে বেশ ভালভাবেই সামলাতে প্রস্তুত বাংলাদেশ।
এদিকে, সীমিত ওভারের বোলিং লাইন আপের চেয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট বোলিং আক্রমণ অনেক বেশি অভিজ্ঞ ও শক্তিশালী। এক ডেল স্টেইনই যথেষ্ট বোলিং আক্রমণের চেহারা পাল্টে দেওয়ার জন্য। সঙ্গে যোগ হয়েছেন ভারনন ফিল্যান্ডার ও অভিষেকে ৭ উইকেট নেওয়া অফ স্পিনার সাইমন হার্মার। মরনে মরকেলও ওয়ানডের চেয়ে অনেক বেশি বিপজ্জনক টেস্টে।
প্রতিপক্ষের বোলারদের সম্মান জানিয়ে ভড়কে যাননি টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচের কণ্ঠে ছিল প্রোটিয়া বোলিং আক্রমণের প্রতি সমীহ, এবং একই সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার প্রত্যয়।
“আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ওদের বোলিং আক্রমণ। টেস্টে বিশ্বমানের বোলিং আক্রমণ ওদের। আমাদের ব্যাটসম্যানরা ওদের বোলারদের কতটা সামলাতে পারে, সেটির বড় প্রভাব থাকবে ম্যাচের ফলাফলে।”
তবে সমীহ মানেই ভড়কে যাচ্ছেন না হাথুরুসিংহে; চ্যালেঞ্জের জবাব দিতে চান চ্যালেঞ্জ দিয়েই।
“ওদের বোলিং আক্রমণ বিশ্বমানের। আমাদের ইমরুল, তামিম, মিনি (মুমিনুল) বিশ্বমানের ব্যাটসম্যান। তারপর আমাদের সাকিব ও মুশিও আছে। শীর্ষ পর্যায়ের ক্রিকেট মানেই এমন কঠিন লড়াই। খেলার শুরুতেই থাকবে মূল লড়াই।”
প্রথম টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা বলেন, ‘ওয়ানডেতে বাংলাদেশ খুব ভাল করছে। প্রত্যেক বিভাগে তাদের খেলোয়াড়রা বৈচিত্র দেখিয়েছে। তবে টেস্ট ক্রিকেট ভিন্ন ধরণের খেলা। যা ওয়ানডের সঙ্গে অনেক অমিল। টেস্টে অভিজ্ঞতা সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে রূপলাভ করতে পারে। এছাড়া বাংলাদেশ দল টেস্টে এখনো ভালো কিছু করার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘টেস্টে ভালো করার কিছু উপায় আছে। টানা চার সিরিজে বাংলাদেশ যেভাবে খেলছে এতে টেস্টে ভালো কিছু তারা করবে। তবে ক্রুশিয়াল সময়ে দলকে জেতানো অনেক কঠিন হবে তাদের।’
বিশ্বের এক নম্বর টেস্ট দলের বিপক্ষে মাঠে নামছে নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে থাকা বাংলাদেশ। লড়াই হবে- সে কথা বলা যায় নির্দ্বিধায়!
বৃষ্টির আশঙ্কা নিয়ে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট শুরু হচ্ছে মঙ্গলবার। আবহাওয়া পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার থেকে টানা পাঁচ দিন বজ্রসহ ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামে। এ পূর্বাভাস সত্যি হলে পণ্ড হতে পারে প্রথম টেস্ট।
সবকিছু ঠিকঠাক থাকলে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। সরাসরি দেখাবে গাজী টেলিভিশন (জিটিভি)।