Sylhet Today 24 PRINT

অভিষেকে ৪ উইকেট: টেস্টেও ভয়ঙ্কর মুস্তাফিজ!

স্পোর্টস ডেস্ক |  ২১ জুলাই, ২০১৫

টি-টোয়েন্টি কিংবা ওয়ানডেতে বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজকে মোকাবেলা করতে পারছে না কোন দলই, টেস্ট ক্রিকেটেও যে তিনি সমান ভয়ঙ্কর- তা হাড়ে হাড়ে টের পাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

টেস্ট অভিষেকে ৪ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটেও সমানভাবে ভয়ঙ্কর বোলার হয়ে ওঠার ইঙ্গিত দিলেন মুস্তাফিজ। এ চার উইকেটের মধ্যে ছিল ৪ বলের ব্যবধানে নেওয়া ৩ উইকেটের অসাধারণ এক অর্জন।

দিনের তৃতীয় সেশনে নেমে আমলাকে ফেরালেন মুস্তাফিজ। দলীয় ৬০তম ওভারে উইকেটরক্ষক লিটনের তালুবন্দি করে হাশিম আমলাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। পরের বলেই ডুমিনিকে ফিরিয়ে দেন কার্টার মাস্টার মুস্তাফিজ। হ্যাট-ট্রিক মিস করলেও এক বল পরেই কুইন্টন ডি ককের স্ট্যাম্প উড়িয়ে দেন মুস্তাফিজ।

আউট হওয়ার আগে প্রোটিয়া দলপতির ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। মুস্তাফিজের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে কোনো রান না করেই ফেরেন ডুমিনি। আর বোল্ড হয়ে ফেরার আগে ডি ককও কোনো রান করতে পারেন নি।

এ তিন উইকেটের মাধ্যমে আবারও অভিষেকে চমক দেখালেন পেসার মুস্তাফিজ। ওয়ানডে অভিষেকে তিনি ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলেন এবং সে ক্ষেত্রেও হ্যাট-ট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। প্রথম ইনিংসে মুস্তাফিজের বোলিং ফিগার ১৭.৪-৬-৩৭-৪

অভিষেকে চার বলের মধ্যে তিন উইকেট নেওয়ার কৃতিত্ব বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজই প্রথম দেখালেন।

এ ম্যাচে মুস্তাফিজ হ্যাট-ট্রিক বঞ্চিত হলেও এ পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে হ্যাট-ট্রিক করেছেন অলক কাপালী এবং সোহাগ গাজী। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.