Sylhet Today 24 PRINT

ফিওরেন্তিনার বিপক্ষে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৮

ফিওরেন্তিনার বিপক্ষে বড় জয় পেয়েছে জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় বিকালে সেরি আয় ৩-০ গোলে জেতে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

৩১তম মিনিটে প্রথম গোল পায় জুভেন্টাস। পাওলো দিবালার সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে ঢুকেই বাঁ পায়ের নিচু শটে গোলটি করেন উরুগুয়ের মিডফিল্ডার রদ্রিগো বেন্তানকু।

৬৯তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর ক্রসে স্লাইডিং শট নেন জর্জো কিয়েল্লিনি। বল গোলরক্ষকের হাতে লেগে উপরে উঠে যায়। হেড করতে রোনালদো ছুটে গেলেও মাথা ছোঁয়াতে পারেননি তিনি, এক ড্রপে বল ঠিকানা খুঁজে নেয়।

৭৭তম মিনিটে স্পট কিকে ব্যবধান আরও বাড়ান রোনালদো। ডি-বক্সে ফিওরেন্তিনার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় জুভেন্টাস। সেরি আয় অভিষেক মৌসুমে রোনালদোর এটি দশম গোল। জুভেন্টাসের হয়ে তার মোট গোল হলো ১১টি।

১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে জুভেন্টাসের পয়েন্ট ৪০। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ২৮।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.