Sylhet Today 24 PRINT

৭৩ রানে শেষ হল টাইগারদের প্রথম সেশন

স্পোর্টস ডেস্ক |  ২২ জুলাই, ২০১৫

 সফরকারী দ. আফ্রিকার থেকে প্রথম ইনিংসে এখনও ১৬৮ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে উইকেটে অপরাজিত রয়েছেন তামিম ইকবাল এবং মাহামুদুল্লাহ রিয়াদ। প্রথম সেশন থেকে টাইগারদের এসেছে ৭৩ রান।

দ্বিতীয় সেশন শুরুর আগে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দুই উইকেট হারিয়ে ৩০ ওভার থেকে তুলেছে ৮০ রান। তামিম ৩০ রান নিয়ে ব্যাট করছেন। মুমিনুলের বিদায়ে ক্রিজে আসা মাহামুদুল্লাহ রিয়াদ ১২ রান নিয়ে অপরাজিত।

এর আগে দলীয় ৪৬ রানের মাথায় ইনিংসের ১৯তম ওভারে স্টিয়ান ভ্যান জিলের দ্বিতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ইমরুল কায়েস। ভ্যান জিলের ব্যক্তিগত প্রথম ওভারে আউট হওয়ার আগে ইমরুলের ব্যাট থেকে আসে ২৬ রান। ৭৩ বল মোকাবেলা করে এ বাঁহাতি ওপেনার তিনটি চার হাঁকান।

দলীয় ৫৫ রানের মাথায় সিমন হারমারের দারুণ এক ঘূর্ণিতে বলের লাইন মিস করে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মুমিনুল হক। তামিমের সঙ্গে মাত্র ৯ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন মুমিনুল।

২৪১ রান পিছিয়ে থেকে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে টাইগার বাহিনী। আগের দিনের দুই অপরাজিত ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস দিনের শুরু করেন। প্রোটিয়াদের গতি-দানব ডেল স্টেইন আর ভারনন ফিল্যান্ডারকে বেশ সাবলীল ভাবেই মোকাবেলা করেন টাইগার দুই ওপেনার।

প্রথম টেস্টের প্রথম দিন অলআউট হওয়ার আগে দ. আফ্রিকা ২৪৮ রানেই গুটিয়ে যায়। মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদদের বোলিং তোপে প্রোটিয়ারা ৮৩.৪ ওভার ব্যাট করতে সক্ষম হয়।

প্রতিপক্ষকে ২৪৮ রানে গুটিয়ে দিয়ে টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ৪১ টেস্ট খেলা তামিম ইকবাল আর ২৩ টেস্ট খেলা ইমরুল কায়েস। বাংলাদেশ বিনা উইকেটে ৭ রান তুলে দিন শেষ করে।

কার্টার মাস্টার মুস্তাফিজ আর স্পিন জাদুকর জুবায়ের হোসেনের দুটি ভয়াল স্পেলে দ. আফ্রিকার ইনিংস গুটিয়ে যায়। টাইগারদের হয়ে চারটি উইকেট তুলে নেন মুস্তাফিজ। আর তিনটি উইকেট দখল করেন জুবায়ের হোসেন। এছাড়া সাকিব, মাহামুদুল্লাহ, তাইজুল একটি করে উইকেট পান।

প্রোটিয়ারা প্রথম দিনের প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় সেশনে মাত্র ৬১ রান তুলতে সক্ষম হয় আমলা বাহিনী। ৫৮ রানের মাথায় প্রথম উইকেট খোয়ানো সফরকারীরা দলীয় ১৩৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। ১৭৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারানো দ. আফ্রিকা এক মুহূর্তেই একই রানে ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকে ২৪৮ রানের মাথায় তাদের ইনিংস গুটিয়ে যায়।

প্রোটিয়াদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৪ রান আসে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা তেমবা বাভুমার ব্যাট থেকে। এছাড়া ফাফ ডু প্লেসিস ৪৮ ও ওপেনার ডিন এলগার ৪৭ রান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.