সিলেটটুডে স্পোর্টস ডেস্ক | ২৬ জুলাই, ২০১৫
বিশ্বের 'সবচেয়ে চাহিদাসম্পন্ন ক্রীড়াব্যক্তিত্ব' শীর্ষক এক জরিপে সবার ওপরে আছেন রজার ফেদেরার, এরপর টাইগার ঊডস।
আর বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাপিয়ে উপরে উঠে এসেছে ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম। একমাত্র ক্রিকেটার হিসেবে তালিকায় শীর্ষ বিশে স্থান হয়েছে তার।
বাজারে, বিপনণে কিংবা প্রচারণায় যে খেলোয়াড়দের ভীষণ চাহিদা- তাদের নিয়ে করা হয়েছে এ জরিপ। যুক্তরাষ্ট্রের নামী শিক্ষাপ্রতিষ্ঠান লন্ডন স্কুল অব মার্কেটিং এ জরিপ চালিয়ে শীর্ষ ২০ জনের একটি তালিকা প্রকাশ করেছে।
মহেন্দ্র সিং ধোনি আছেন তালিকার ৯ নম্বরে। জরিপের ফল অনুযায়ী, বিপনণ চাহিদার দৌড়ে তিনি পিছু ফেলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোকেও! তালিকায় পর্তুগিজ ফুটবলার রোনালদো আছেন ধোনির পরের স্থান- ১০ নম্বরে। মেসির অবস্থান ১৩।
শীর্ষ ২০ জনের তালিকায় টেনিস, গলফ, বাস্কেটবল ও বক্সিং অঙ্গণের তারকাদেরই জয়জয়কার। ধোনি তালিকার একমাত্র ক্রিকেটার। মেসি, রোনালদো ছাড়া আর মাত্র একজন ফুটবলার জায়গা পেয়েছেন শীর্ষ তালিকায়- তিনি নেইমার, আছেন ১৫ নম্বরে।
তালিকার শীর্ষস্থানটি টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের দখলে। দুই নম্বরে আছেন গলফ তারকা টাইগার উডস। তিনে গলফার ফিল মাইকেলসন, চারে বাস্কেটবল তারকা লিব্রন জেমস, পাঁচে কেভিন ডুরান্ট। নোভাক জকোভিচ আছেন সাত নম্বরে। আটে আছেন রাফায়েল নাদাল। টেনিসসুন্দরী মারিয়া শারাপোভা বারো, বিশ্বের দ্রুততম মানুষ উসাইন বোল্ট চোদ্দ এবং অ্যান্ডি মারে ষোলতম স্থানে। তালিকার শেষ নামটি টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। সূত্র: দ্য হিন্দু।